বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

কাজলের বিরুদ্ধে অনাস্থা জেলা পরিষদে, বীরভূমের তৃণমূলে ফের কোন্দল

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬
কাজলের বিরুদ্ধে অনাস্থা জেলা পরিষদে, বীরভূমের তৃণমূলে ফের কোন্দল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ওরফে ফয়েজুল হকের বিরুদ্ধে এবার প্রকাশ্যেই অনাস্থা প্রস্তাব আনলেন তাঁরই সতীর্থরা। সভাধিপতির বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়ে জেলা পরিষদের ১৯ জন সদস্য ইতিমধ্যেই অতিরিক্ত জেলাশাসকের (এডিএম) কাছে একটি লিখিত চিঠি পাঠিয়েছেন। বিধানসভা ভোটে জিতে বিধায়ক হওয়ার পর থেকে কাজল জেলা পরিষদের কাজে সম্পূর্ণ উদাসীন এবং তিনি নিজের দায়িত্ব পালন করছেন না বলেই এই বিক্ষুব্ধ সদস্যদের মূল অভিযোগ।

তৃণমূলের প্রতীকে হাসন বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর থেকেই কাজলের রাজনৈতিক অবস্থান নিয়ে জোর চর্চা চলছে জেলার রাজনীতিতে। বীরভূমের এই দাপুটে নেতা কালীঘাটের মূল স্রোতের তৃণমূলের হাত ছেড়েছেন আগেই। বর্তমানে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘ঋতব্রত তৃণমূল’-এর অংশ হিসেবে পরিচিত। বিধায়কের গুরুদায়িত্ব সামলানোর পাশাপাশি বীরভূম জেলা পরিষদের সভাপতি পদের দায়িত্বও তাঁর কাঁধেই ছিল। কিন্তু ৫২ সদস্য বিশিষ্ট এই জেলা পরিষদের ১৯ জন সদস্যের দাবি, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে কাজল আর জেলা পরিষদের কার্যালয়ে পা-ই দেননি। ফলে থমকে রয়েছে জেলার একাধিক উন্নয়নমূলক কাজ। 
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৯ জন সদস্যের সই সম্বলিত সেই চিঠিটি পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখছেন জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক। নিয়ম মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। লোকসভা ও বিধানসভা ভোটের পর বীরভূমের রাজনীতিতে কাজল শেখের ক্ষমতা যেভাবে বৃদ্ধি পাচ্ছিল, তাতে এই অনাস্থা প্রস্তাব অনুব্রত-হীন কেষ্টর গড়ে দলের অন্দরের তীব্র ফাটল ও গোষ্ঠীদ্বন্দ্বকেই আবার প্রকাশ্য এনে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।