হট টপিক
ভরসন্ধ্যায় বোলপুরে শুটআউট! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন বিজেপির বুথ সভাপতি
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বোলপুর: রবিবারের ব্যস্ত সন্ধ্যায় পর পর গুলির শব্দে কেঁপে উঠল বীরভূমের বোলপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ড। মতিপুকুর রাইস মিল সংলগ্ন রাস্তায় মুখঢাকা দুষ্কৃতীদের অতর্কিত গুলিতে খুন হলেন বিজেপির এক বুথ সভাপতি। পুলিশ জানিয়েছে, নিহতের নাম চন্দন ভাল্লা (৪২)। তিনি বোলপুরের ২০১ নম্বর বুথের সভাপতি ছিলেন। ছুটির দিনে জনবহুল এলাকায় এমন হাড়হিম করা হত্যাকাণ্ডে গোটা জেলায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ও থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মতিপুকুর রাইস মিল সংলগ্ন রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন চন্দন। সেই সময় একটি মোটরবাইকে করে দুই মুখঢাকা দুষ্কৃতী আচমকা তাঁর সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই বাইকের পিছনের আসনে বসা ব্যক্তিটি চন্দনকে লক্ষ্য করে অত্যন্ত কাছ থেকে (পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ) মাথায় গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই বিজেপি নেতা। আর চোখের নিমেষে এলাকা ছেড়ে চম্পট দেয় আততায়ীরা। পরে আশপাশের মানুষ ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের নেপথ্যে রাজনৈতিক নাকি ব্যক্তিগত শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার ঠিক আগে একটি রহস্যজনক ফোন পেয়ে চন্দন বাড়ি থেকে বের হয়েছিলেন। মৃত নেতার পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই খুন। বীরভূম জেলার পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানান, "এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে" । উৎসবের মুখে এমন ভরসন্ধ্যায় প্রকাশ্যে রাস্তায় শুটআউটের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

