বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পর্যটন মানচিত্রে কোচবিহার, ধর্মীয় সার্কিটে জোর শুভেন্দুর

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পর্যটন মানচিত্রে কোচবিহার, ধর্মীয় সার্কিটে জোর শুভেন্দুর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: রাজ্যের পর্যটন মানচিত্রে এবার বড়সড় বদল আসতে চলেছে। হেরিটেজ শহর কোচবিহারকে কেন্দ্র করে গড়ে তোলা হবে একটি পূর্ণাঙ্গ ‘ট্যুরিজম ডেস্টিনেশন’। একই সঙ্গে প্রাচীন মন্দির ও ঐতিহ্যবাহী স্থানগুলিকে ছুঁয়ে উত্তরবঙ্গের এই প্রাচীন জনপদে বিশেষ ‘রিলিজিয়াস ট্যুরিজম’ বা ধর্মীয় পর্যটন সার্কিট গড়ে তোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে রাজ্যের পর্যটন সার্কিটে যুক্ত হতে চলেছে রাজনগরের নামও।মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার কোচবিহার জেলা সফরে আসেন শুভেন্দু অধিকারী। সফরসূচির শুরুতেই তিনি পৌঁছন ঐতিহাসিক মদনমোহন মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর রবীন্দ্রভবনে জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকেই কোচবিহারের পর্যটন পরিকাঠামো আমূল বদলে ফেলার একাধিক পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী।

বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, “কোচবিহারের প্রাচীন ধর্মীয় ঐতিহ্য এবং উত্তরবঙ্গের অরণ্য ও পাহাড়ের প্রাকৃতিক সম্পদকে একসঙ্গে যুক্ত করে পর্যটনের প্রভূত উন্নতি সম্ভব।” মদনমোহন মন্দির, রাসমেলা এবং মধুপুর সত্রের মতো পুণ্যভূমিগুলিকে এক সুতোয় বেঁধে একটি শক্তিশালী ধর্মীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন তিনি। এই লক্ষ্যে পৌঁছতে রেল, সড়ক ও বিমান যোগাযোগের পাশাপাশি উন্নত অতিথিশালা ও আবাসন তৈরির কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে খবর, কোচবিহারের উন্নয়ন প্রকল্পের প্রাথমিক রূপরেখা তৈরির জন্য ইতিমধ্যেই বরাদ্দ বাড়ানো হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রথম দফার টেন্ডারেও ঠাঁই পেয়েছে কোচবিহারের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর স্থানীয় ব্যবসায়ী, হোটেল ও পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত মহলে নতুন আশার আলো দেখছেন অনেকেই।