বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

দমদম বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় সরছে বাঁকড়া মসজিদ? বন্ধ নমাজ

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
দমদম বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় সরছে বাঁকড়া মসজিদ? বন্ধ নমাজ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের স্বার্থে বড় পদক্ষেপ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের। শনিবার থেকে বিমানবন্দরের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের প্রাচীন বাঁকড়া মসজিদে (গৌরীপুর জামে মসজিদ) নমাজ পাঠ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলো। একই সঙ্গে এদিন সকাল থেকে বহিরাগতদের মসজিদে প্রবেশের জন্য প্রয়োজনীয় এন্ট্রি পাস দেওয়াও স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। যদিও এই বিষয়ে শনিবার দুপুর পর্যন্ত এয়ারপোর্ট কর্তৃপক্ষের তরফ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের একেবারেই কাছাকাছি অবস্থিত এই ঐতিহাসিক উপাসনাস্থলটি। রানওয়ের অত্যন্ত নিকটে থাকায় আন্তর্জাতিক বিমান নিরাপত্তা বিধি লঙ্ঘিত হচ্ছিল, যা বিমান ওঠানামার ক্ষেত্রে বড়সড় ঝুঁকি তৈরি করছিল। এ ছাড়া, রানওয়ে সম্প্রসারণ এবং আধুনিক ‘ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম’ (আইএলএস) বসানোর কাজেও এই কাঠামোর জন্য সমস্যা হচ্ছিল। এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতভাবে মসজিদটিকে বিমানবন্দর চত্বরের বাইরে নিরাপদ কোনও স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
একই সঙ্গে এই মসজিদকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ে (লেভেল-৩ জোন) নজরদারির খামতি নিয়ে প্রশ্ন উঠছিল। বায়োমেট্রিক বা কড়া পরীক্ষা ছাড়াই শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়ে বহু মানুষের রানওয়ে চত্বরে যাতায়াত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নিরাপত্তা আধিকারিকরা। এদিন সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে বিমানবন্দর এলাকায় উপস্থিত হন স্থানীয় বিধায়ক সৌরভ শিকদার। শেষ পর্যন্ত বড় কোনও বিপত্তি এড়াতে এবং যাত্রী সুরক্ষা নিশ্চিত করতেই আপাতত কড়া পদক্ষেপ করা হয়েছে। তবে মসজিদটি স্থানান্তরের প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য মসজিদ কমিটির সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে প্রশাসন।