হট টপিক
দুর্নীতি রুখতে চালু চার হেল্পলাইন নম্বর
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে দুর্নীতি ও অপরাধমূলক কাজ ঠেকাতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সাধারণ মানুষের সুবিধার্থে চালু করা হল চারটি বিশেষ টোল-ফ্রি হেল্পলাইন নম্বর। আজ, মঙ্গলবার দুপুরে এই নতুন পরিষেবাগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন থেকে কাটমানি, সিন্ডিকেটরাজ বা বেআইনি মদের ব্যবসার বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানাতে পারবেন বাংলার নাগরিকরা। দিন বা রাত, ২৪ ঘণ্টার যে কোনও সময়েই এই নম্বরগুলিতে ফোন করা যাবে।
নবান্ন সূত্রে খবর, সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে এবং প্রশাসনিক স্বচ্ছতা আনতেই এই হেল্পলাইন চালু করা হল। মূলত চার ধরনের অপরাধের ওপর জোর দিয়ে আলাদা আলাদা নম্বর নির্দিষ্ট করা হয়েছে। কোনও সরকারি কাজ বা পরিষেবার জন্য কেউ 'কাটমানি' বা ঘুষ চাইলে, সরাসরি ফোন করা যাবে ১৫৫৩৩৪ নম্বরে। বালি, পাথর বা সিমেন্ট নিয়ে গজিয়ে ওঠা সিন্ডিকেটের জুলুম রুখতে অভিযোগ জানানো যাবে ১৫৫৩৩৩৫ নম্বরে। এছাড়া, রাস্তায় গাড়ি থামিয়ে বেআইনিভাবে ট্যাক্স বা চাঁদা আদায়ের বিরুদ্ধে নালিশ জানাতে চালু হয়েছে ১৫৫৩৩৩৭ নম্বরটি। একইসঙ্গে, রাজ্যের যত্রতত্র বেআইনি মদের কারবার রুখতে ১৫৫৩৩৩৯ নম্বরে ফোন করে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন।
মুখ্যমন্ত্রী জানান, এই হেল্পলাইনের মাধ্যমে আমজনতা সরাসরি সরকারের কাছে পৌঁছাতে পারবেন। অভিযোগকারীর নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। প্রশাসনের আশা, এই ব্যবস্থার ফলে তোলাবাজি ও সিন্ডিকেটরাজের দাপট অনেকটাই কমবে। সাধারণ মানুষও নির্ভয়ে নিজেদের অভিযোগ জানাতে পারবেন। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

