লুকিয়ে আনা মোবাইল খুঁজতে গিয়ে ছাত্রের ব্যাগে মিলল কন্ডোম!
নিজস্ব সংবাদদাতা, হাবড়া: নিষিদ্ধ হওয়া সত্ত্বেও প্রধান শিক্ষকের নির্দেশ অমান্য করে লুকিয়ে মোবাইল ফোন নিয়ে আসছিল পড়ুয়াদের একাংশ। সেই মোবাইল ফোন খুঁজতেই ক্লাসরুমে আচমকা শুরু হয়েছিল ছাত্রছাত্রীদের ব্যাগ তল্লাশি। তল্লাশিতে একে একে বেশ কিছু মোবাইল উদ্ধারও হয়। কিন্তু আচমকাই একটি ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ শিক্ষক-শিক্ষিকাদের! একাদশ শ্রেণির এক ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার হল আস্ত কন্ডোমের প্যাকেট! উত্তর ২৪ পরগনার হাবড়া থানার অন্তর্গত মছলন্দপুর বাউগাছি হাইস্কুলের এই ঘটনাকে ঘিরে মুহূর্তে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, নিয়মানুযায়ী এই স্কুলে ছাত্রছাত্রীদের মোবাইল ফোন নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল, কিছু পড়ুয়া কর্তৃপক্ষের নজর এড়িয়ে লুকিয়ে স্মার্টফোন ব্যবহার করছে। সেই কারণেই সোমবার সকালে স্কুলে আকস্মিক সারপ্রাইজ ভিজিট ও ব্যাগ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো ক্লাস চলাকালীন একাদশ শ্রেণির ঘরে গিয়ে ব্যাগ দেখা শুরু করতেই প্রথমে একাধিক মোবাইল হাতেনাতে ধরা পড়ে। কিন্তু এরপর এক ছাত্রের ব্যাগ পরীক্ষা করতে গিয়েই চোখ কপালে ওঠে শিক্ষকদের। বই-খাতার ফাঁক থেকে মোবাইল ফোনের সঙ্গে বেরিয়ে আসে আপত্তিকর কন্ডোমের প্যাকেট।
এই খবর ক্লাসরুমের বাইরে ছড়িয়ে পড়তেই স্কুলে চরম উত্তেজনা দেখা দেয়। ঘটনাটি জানতে পেরে স্থানীয় বাসিন্দা ও ক্ষুব্ধ অভিভাবকেরা স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে উত্তেজিত জনতা ওই ছাত্রের বাড়িতেও চড়াও হয় বলে খবর। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ বাহিনী। শেষপর্যন্ত পুলিশ ওই ছাত্রকে উত্তেজিত জনতার হাত থেকে নিরাপদভাবে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিক্ষাঙ্গনের মতো পবিত্র জায়গায় নাবালক পড়ুয়াদের ব্যাগ থেকে এমন আপত্তিকর জিনিস উদ্ধারের ঘটনায় স্বভাবতই উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষক মহল।

