হট টপিক
হলদিয়া-নন্দীগ্রাম রুটে চালু হল অত্যাধুনিক ওয়াটার মেট্রো
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হলদিয়া: পূর্ব মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থায় এক ঐতিহাসিক বিপ্লব ঘটে গেল। সোমবার থেকে হলদিয়ায় জলপথে যাত্রী পরিবহণে আনুষ্ঠানিকভাবে শুরু হল অত্যাধুনিক ইলেকট্রিক ক্যাটাম্যারান সার্ভিস, যা স্থানীয় মানুষের কাছে ইতিমধ্যেই ‘ওয়াটার মেট্রো’ হিসেবে পরিচিতি লাভ করেছে। আপাতত হলদিয়ার টাউনশিপ ফেরিঘাট থেকে নন্দীগ্রামের কেন্দেমারি ফেরিঘাটের মধ্যে এই পরিষেবা চালু করা হয়েছে। এই নতুন জলযানের ফলে হলদিয়া ও নন্দীগ্রামের মধ্যে যাতায়াত এখন মাত্র কয়েক মিনিটের ব্যাপার।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ক্যাটাম্যারান সার্ভিসের দায়িত্বে রয়েছে ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ (IWAI)। হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তৈরি এই জলযানটি সম্পূর্ণ শীততাপনিয়ন্ত্রিত এবং একটি পরিবেশবান্ধব হাইব্রিড ইলেকট্রিক ভেসেল। ৫০টি আসন বিশিষ্ট এক একটি ক্যাটাম্যারান তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৭ থেকে ৯ কোটি টাকা। প্রতিদিন ভোর ৪টে ২০ মিনিট থেকে রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই ওয়াটার মেট্রো সার্ভিস মিলবে। প্রতি ১৫ মিনিট অন্তর এটি হলদি নদীর দুই ঘাটের মধ্যে যাতায়াত করবে।
নয়া এই পরিষেবার সবচেয়ে বড় চমক হল এর গতি। মাত্র দু’মিনিটের মধ্যে এই জলযানে চেপে যাত্রীরা হলদিয়া থেকে নন্দীগ্রাম অথবা নন্দীগ্রাম থেকে হলদিয়ায় পৌঁছে যেতে পারবেন। এর ফলে প্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রী, পড়ুয়া এবং ব্যবসায়ীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটল। সোমবার প্রথম দিন থেকেই এই ওয়াটার মেট্রো চড়তে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে। নদী পারাপারের সময় বাঁচায় হলদিয়া শিল্পাঞ্চলের সঙ্গে নন্দীগ্রামের যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

