বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পুজোয় হাওড়া স্টেশনে আঁটসাঁট নিরাপত্তা, চলল এনএসজি-র মহড়া

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬
পুজোয় হাওড়া স্টেশনে আঁটসাঁট নিরাপত্তা, চলল এনএসজি-র মহড়া
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে সেজে উঠছে তিলোত্তমা। আর উৎসবের এই মরসুমে রাজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার হাওড়া স্টেশনে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যাপক তৎপরতা শুরু করেছে রেল প্রশাসন। পুজোর দিনগুলিতে দূরদূরান্ত থেকে আসা লাখো মানুষের ভিড় সামলাতে স্টেশনের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। নজরদারি বৃদ্ধির পাশাপাশি উৎসবের দিনগুলিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে স্টেশনের পরিচ্ছন্নতার উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে।

হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর জানান, হাওড়া স্টেশন দেশের অন্যতম ব্যস্ত এবং বড় স্টেশন, যেখান দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। তাই সামগ্রিক নিরাপত্তার দিক থেকে রেলকে সবসময় প্রস্তুত থাকতে হয়। উৎসবের মুখে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে জঙ্গি হামলা হলে কীভাবে যাত্রীদের সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব, তা খতিয়ে দেখতে সম্প্রতি স্টেশনে একটি হাই-ইনটেনসিটি মক ড্রিল বা মহড়ার আয়োজন করা হয়েছিল।
গত ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে অনুষ্ঠিত ওই বিশেষ সন্ত্রাসবিরোধী যৌথ মহড়ায় অংশ নেন ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) এবং আরপিএফ (RPF) জওয়ানরা। এনএসজি-র ২৯ স্পেশাল কম্পোজিট গ্রুপের কমান্ডোদের পাশাপাশি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং দমকল কর্মীরাও এই অপারেশনে সামিল ছিলেন। মহড়ায় কৃত্রিমভাবে বন্দে ভারত এক্সপ্রেসের ভেতরে একটি জঙ্গি নাশকতার পরিস্থিতি তৈরি করা হয়। অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে কমান্ডোরা ট্রেনের ভেতরে ঢুকে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন এবং যাত্রীদের উদ্ধার করলেন, বাস্তব পরিস্থিতির আদলে তার সফল পরীক্ষা চালানো হয়। রেল সূত্রের খবর, জরুরি পরিস্থিতিতে বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে দ্রুত তথ্য আদানপ্রদান এবং তাৎক্ষণিক সমন্বয় বাড়াতেই এই আগাম প্রস্তুতি।