হট টপিক
১ আগস্ট থেকে স্কুলে ইসকনের মিড ডে মিল, পাতে ডিম দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের স্কুলগুলির মিড ডে মিল (Mid Day Meal) ব্যবস্থায় বড়সড় বদল আনতে চলেছে নতুন সরকার। আগামী ১ আগস্ট থেকে কলকাতার সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব নিচ্ছে আন্তর্জাতিক আধ্যাত্মিক সংগঠন ইসকন (ISKCON)। তবে ইসকনের নিরামিষ আহারের নিয়মের কারণে পড়ুয়াদের পুষ্টিতে যাতে কোনো ঘাটতি না হয়, সে জন্য আলাদাভাবে ডিম দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজি (SHG) গ্রুপের মাধ্যমে পড়ুয়াদের পাতে এই ডিম পৌঁছে দেওয়া হবে বলে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এ দিন মুখ্যমন্ত্রী জানান, মিড ডে মিলের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্য দূর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এতদিন হাই স্কুল ও আপার প্রাইমারি স্তরে পড়ুয়াপিছু মিড ডে মিলের সরকারি বরাদ্দ ছিল ১০ টাকা। অথচ প্রাইমারি স্কুলের ক্ষেত্রে সেই বরাদ্দ ছিল মাত্র ৬ টাকা ৭৮ পয়সা। এই বৈষম্য পুরোপুরি দূর করে এখন থেকে প্রাইমারি স্কুলগুলির ক্ষেত্রেও বরাদ্দ বাড়িয়ে পড়ুয়াপিছু ১০ টাকা করা হয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার আগেই স্কুলগুলিতে মিড ডে মিল তৈরির দায়িত্ব ইসকনকে হস্তান্তর করেছিল। আগামী ১ আগস্ট থেকে কলকাতার একটি বড় অংশের স্কুলে পাইলট প্রোজেক্ট হিসেবে এই নতুন ব্যবস্থার সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এই প্রকল্প শুধু কলকাতার বুকেই সীমাবদ্ধ থাকবে না। কলকাতার পর নদিয়া এবং ধাপে ধাপে সমগ্র রাজ্যের সমস্ত সরকারি স্কুলেই মিড ডে মিল রান্নার মূল দায়িত্বে থাকবে ইসকন।

