মহিলাদের সুরক্ষায় এবার অভিনব ‘ব্যাগ অ্যালার্ম’ কালিম্পং পুলিশের
নিজস্ব প্রতিনিধি, কালিম্পং: পড়াশোনা বা কাজের সূত্রে পাহাড়ের ঘর ছেড়ে পাড়ি দেওয়া কালিম্পংয়ের মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে এক অভিনব উদ্যোগ নিল জেলা পুলিশ। পথে-ঘাটে বা কর্মক্ষেত্রে মহিলারা যাতে কোনও বিপদের মুখে পড়লে দ্রুত সাহায্য পেতে পারেন, সে জন্য তাঁদের হ্যান্ডব্যাগে রাখার উপযোগী একটি ছোট পোর্টেবল অ্যালার্ম ডিভাইস দেওয়া শুরু হয়েছে। কালিম্পং জেলা পুলিশের তরফ থেকে সম্পূর্ণ নিখরচায় এই বিশেষ ডিভাইস বিতরণ করা হচ্ছে।
পুলিশের আশা, আচমকা কোনও বিপদের সম্মুখীন হলে এই যন্ত্রটির তীক্ষ্ণ আওয়াজ সম্ভাব্য হামলাকারী বা উত্যক্তকারীকে চমকে দিয়ে পিছু হটতে বাধ্য করবে। পাশাপাশি, প্রবল শব্দের কারণে আশেপাশের মানুষও তৎক্ষণাৎ ওই মহিলার সাহায্যে এগিয়ে আসতে পারবেন।
কীভাবে কাজ করে এই ডিভাইস?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই পোর্টেবল ডিভাইসটি অত্যন্ত সহজে হ্যান্ডব্যাগের সঙ্গে জুড়ে রাখা যায়। কোনও রকম ঝুঁকির সম্মুখীন হলে মহিলারা গ্রেনেডের পিনের মতো এই ডিভাইসের সঙ্গে থাকা একটি দড়ি টেনে দিলেই এটি সক্রিয় হয়ে ওঠে। কালিম্পংয়ের পুলিশ সুপার অপরাজিতা রাই জানান, “এই ছোট ডিভাইসটি চালু হলে প্রায় ১৩০ ডেসিবেল তীব্রতার শব্দ তৈরি করে।” সাধারণ পরিবেশে স্বাভাবিক শব্দের সীমা যেখানে ১০০ ডেসিবেল থাকে, সেখানে এই ১৩০ ডেসিবেলের কানফাটানো আওয়াজ দূর থেকেও মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। আপাতত কালিম্পং উইমেন সেল এবং জলঢাকা থানার মাধ্যমে এই পোর্টেবল ডিভাইস বিতরণের কাজ চলছে।

