মহিলা পরিচালিত কাঁকসার ‘আন্তরিক’ পুজোর উদ্বোধন করলেন স্বামী আত্মানন্দজী
নিজস্ব প্রতিনিধি, কাঁকসা: উৎসবের আবহে সম্প্রীতি ও ভক্তির মেলবন্ধন ঘটল কাঁকসায়। বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁকসার মহিলা পরিচালিত দুর্গাপূজা কমিটি ‘আন্তরিক’-এর পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দোমড়া রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী আত্মানন্দজী মহারাজ। বর্ণাঢ্য এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবের শুরুতেই মেতে উঠলেন স্থানীয় বাসিন্দারা।
কাঁকসার এই বিশেষ পূজাটি সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হয়। চলতি বছরে এই পূজা ১৩ বছরে পদার্পণ করল। প্রতি বছরের মতো এবারও তাদের মণ্ডপ সজ্জায় অভিনবত্বের ছোঁয়া রেখেছেন উদ্যোক্তারা। এ বছর একটি প্রাচীন ও দৃষ্টিনন্দন মন্দিরের আদলে তৈরি করা হয়েছে ‘আন্তরিক’-এর পূজামণ্ডপ। পঞ্চমীর সন্ধ্যা থেকেই সেই মণ্ডপ দেখার জন্য দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে।
উদ্যোক্তাদের পক্ষে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, “মহিলা পরিচালিত এই পুজোকে ঘিরে প্রতি বছরই এলাকার মানুষের ব্যাপক উৎসাহ থাকে। এ বার আমাদের থিম মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। যা দেখতে ইতিমধ্যেই এলাকার বাসিন্দারা ভিড় করতে শুরু করেছেন।” উৎসবের মরসুমে এই মণ্ডপ কাঁকসা এলাকার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে বলে আশাবাদী পূজা কমিটি।

