বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

কাঁকসায় মহিলা পরিচালিত আন্তরিক পুজো কমিটির খুঁটি পুজোয় উন্মাদনা 

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬
কাঁকসায় মহিলা পরিচালিত আন্তরিক পুজো কমিটির খুঁটি পুজোয় উন্মাদনা 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: একসময় পাড়ায় কোনও পুজো ছিল না। অন্য পাড়ায় পুজো দিতে যেতে হতো মহিলাদের। অবশেষে তাঁরা সিদ্ধান্ত নেন নিজেরাই পুজো করবেন। যেমন ভাবা, তেমনি কাজ। সেই থেকেই মহিলারাই এই পুজোর দায়িত্ব গ্রহণ করেছেন। কাঁকসার মনসাতলায় মহিলা পরিচালিত আন্তরিক পুজো কমিটির পুজো এবার বারো বছরে পদার্পন করেছে। 

উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেল রাজস্থানের মন্দিরের আদলে মণ্ডপ হচ্ছে। প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। পুজোর উদ্যোক্তা বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, হতে সময় কম। তার মধ্যেই সব প্রস্তুতি নিতে হচ্ছে। প্যান্ডেলের কাজও চলছে। অন্য বছরের মতো এবারও তা দর্শকদের নজর কাড়বে। তবে তিনি জানান, এই পুজো কমিটি সারা বছর ধরেই নানা সমাজকল্যাণমূলক কাজ করে। দুর্গাপুজোর সময়েও বস্ত্রদান, নরবারায়ণ সেবার ব্যবস্থা করা হয়। এদিন এলাকায় গিয়ে দেখা গেল কর্মীরা প্যান্ডেল তৈরিতে ব্যস্ত। এক কর্মী বলেন, আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য কাজে সমস্যা হচ্ছে। গত কয়েকদিন বৃষ্টি হওয়ায় প্যান্ডেল তৈরির কাজ প্রায় বন্ধ রাখতে হয়েছিল। বৃষ্টি হলে কাজ করা যায় না। এখন আবহাওয়া ভালো থাকায় দ্রুত গতিতে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। 
 পুজো কমিটির সভাপতি অর্চনা সাহা বলেন, রীতি মেনে খুঁটি পুজো হয়েছে। এখন পুজোর যোগাড় করতেই সকলে ব্যস্ত। নাওয়া খাওয়ার সময় নেই। মহিলারাই সুচারু ভাবে পুজোর খুঁটিনাটি থেকে বাকি কাজ সবই করেন। এবারে মণ্ডপসজ্জায় ভিন রাজ্যের মন্দির তুলে ধরা হচ্ছে। কোষাধ্যক্ষ মৌমিতা দে বলেন, দুর্গাপুর থেকে প্রতিমা নিয়ে আসা হয় আমাদের মণ্ডপে। পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার শিশুরাও তাতে অংশ নেয়। আর আমাদের বিসর্জনের শোভাযাত্রা জাঁকজমক করে হয়। তা দেখতে বহু মানুষ ভিড় করেন।
বৈশাখীদেবী বলেন, আমাদের মহিলা পরিচালিত পুজোয় মহিলারাই পুজোর উদ্বোধন করেন। প্রতি বছর জনপ্রিয় অভিনেত্রীরা উদ্বোধনে আসেন। এবারেও সেই ধারার ব্যতিক্রম হবে না। তবে এবার কে আসছেন তা এখনই প্রকাশ করতে চাইছেন না তাঁরা।