বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ক্ষতিকর চিন্তার ফল

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬
ক্ষতিকর চিন্তার ফল
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

পরমপূজ্যপাদ স্বামী যতীশ্বরানন্দ ছিলেন প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনে সুপণ্ডিত, হৃদয়গ্ৰাহী বক্তা ও সুলেখক। তিনি বলছেন, স্কুলের গণ্ডি পেরিয়েও আরও কিছুদিন ছাত্রজীবন চালিয়ে যাওয়া আমাদের কর্তব্য। অনেকেই কর্মজীবনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চিন্তা করার অভ্যাস হারিয়ে ফেলে। বর্তমানে এটাও দেখা যায় শিক্ষার সঙ্গে যুক্ত বহু মানুষ পড়াশোনার পাট চুকিয়ে দিয়েছে। স্কুল ছাড়ার পর বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকেই চিন্তা করার অভ্যাস হারিয়ে ফেলে। এই ধরনের মানুষেরা অসংলগ্ন অস্পষ্ট চিন্তায় রত হয়। চিন্তাশক্তি হারিয়ে যারা কেবল কাজের লোক হয় তারা খুবই বিপজ্জনক। কর্ম ও চিন্তা এই দুটিকে মেলাতে হবে, তাদের মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে হবে, অন্যথায় ফল মন্দ হয়। পড়াশুনা ছেড়ে দিয়ে অধিকাংশ লোকের পক্ষে পুনরায় তা আরম্ভ করা সম্ভব হয় না। ওপর ওপর পাঠ, হালকা কথা, চিন্তাহীন বাহ্যক্রিয়া তাদের চিন্তাশক্তিকে বহুলাংশে নষ্ট করে দেয়। একটু চেয়ে দেখলেই বর্তমান জগতে এর ফলাফল দেখতে পাওয়া যাবে : উচ্চ আদর্শ অথবা সত্য ও উচ্চতর নিয়মাবলী সম্বন্ধে গভীরতার বোধশূন্য চিন্তাহীন দুর্বার কর্মচঞ্চলতা। এইরূপ কর্মতৎপর জীবনের জন্য সাধারণ লোকে যতই গর্ব করুক, কাজের জন্যই কাজ আলস্যের জন্য আলস্য অপেক্ষা একটুও বেশি ভালো নয়। পড়াশুনার অভ্যাস না থাকার ফলে গভীর চিন্তাশীলতা দৈনন্দিন জীবন থেকে চলে যায়। বাজে ক্ষতিকর চিন্তায় প্রচুর সময় ক্রমাগত নষ্ট হয়। এইসব মানুষের জীবনে প্রতিদিন একঘেয়ে অবসাদ পূর্ণ সময় অনেক আসে অথচ তারা এই সময়টিকে স্বচ্ছন্দে উচ্চ ধ্যান ধারণায় কাজে লাগানোর সুযোগ হাতছাড়া করে। এইসব মানুষেরাই বলে তাদের নাকি সময় কাটে না। আসলে এটি এক কোণে বসে বসে অবসাদগ্রস্ত হওয়ার লক্ষণ। অবসাদগ্রস্ত হয়ে বসে না থেকে উন্নততর শুদ্ধতর বিষয়ের চিন্তা করার চেষ্টা করলে এবং এর জন্য যথাযথ সৎসঙ্গ করলে জীবনে অনেক ভালো ফল পাওয়া যায়। এর ফলে একদল মানুষের ক্ষতিকর চিন্তার প্রভাব থেকে সমাজের বহু মানুষ রক্ষা পায়, আর ভালো চিন্তার জন্য ব্যক্তিগত জীবনে একজন মানুষ জীবনকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারে।