হট টপিক
ফের শহরে স্কিমিং, খোয়া গেল লক্ষাধিক টাকা
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মাস আটেক আগে সার্ভে পার্ক এলাকায় এটিএম স্কিমিংয়ের ঘটনার পর নড়েচড়ে বসেছিল প্রশাসন। শহরের এটিএম কাউন্টারগুলিতে বাড়ানো হয়েছিল কড়া নজরদারি। গভীর রাতে নিরাপত্তাহীন এটিএমগুলির সামনে কলকাতা পুলিশের টহলদারিও শুরু হয়। কিন্তু সব নজরদারিকে বুড়ো আঙুল দেখিয়ে ফের কলকাতায় থাবা বসাল এটিএম জালিয়াতরা। এবার ঘটনাস্থল খিদিরপুর এলাকা। খোদ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে স্কিমিং ডিভাইস বসিয়ে এক প্রৌঢ় গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ১ লক্ষ ৬১ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত গ্রাহকের নাম বিজয় সিং (৫৮)। তিনি খিদিরপুরের কার্ল মার্কস সরণির বাসিন্দা। একবালপুর থানা এলাকার ডাঃ সুধীর বসু রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে গিয়েই এই বিপত্তি ঘটে। প্রৌঢ়ের অভিযোগ, এটিএম কাউন্টারে আগে থেকেই ঘাপটি মেরে থাকা স্কিমিং ডিভাইসের মাধ্যমে তাঁর কার্ডের গোপন তথ্য ও পিন চুরি করে নেওয়া হয়। এরপরই তাঁর অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা তুলে নেয় জালিয়াতরা।
ব্যাংক থেকে টাকা কেটে নেওয়ার মেসেজ মোবাইলে আসতেই চক্ষু চড়কগাছ হয় প্রৌঢ়ের। তড়িঘড়ি তিনি একবালপুর থানায় গিয়ে পুরো বিষয়টি জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লালবাজারের সাইবার ক্রাইম শাখাকেও এই ঘটনার তদন্তে শামিল করা হয়েছে। ওই এটিএম কাউন্টারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জালিয়াতদের চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই খিদিরপুর চত্বরের এটিএম ব্যবহারকারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

