হট টপিক
রাস্তায় বাস রাখলে মালিককে দিতে হবে ৭০০ টাকা
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কলকাতার রাস্তায় যত্রতত্র বাসের নাইট পার্কিং রুখতে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে রাতে রাস্তার ধারে বাস রাখলে মালিকদের মাসে ৭০০ টাকা করে 'নাইট পার্কিং ফি' দিতে হবে। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় এক অনুষ্ঠানে এসে এই বড় ঘোষণা করেছেন রাজ্যের নতুন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তিনি স্পষ্ট জানান, বেআইনি পার্কিং রুখতে এবং পরিবহণ দপ্তরে শৃঙ্খলা ফেরাতে এই নিয়ম কঠোরভাবে মানা হবে।
এদিন পূর্বতন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে পরিবহণমন্ত্রী বলেন, "এই নিয়ম তৃণমূল আমলেই তৈরি হয়েছিল। কিন্তু সেই টাকা এতদিন সরকারি কোষাগারে জমা পড়ত না। সেই টাকা সরাসরি চলে যেত এক শ্রেণির নেতার পকেটে।" তিনি আরও যোগ করেন, নতুন বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এখন থেকে পরিবহণ দপ্তর সরাসরি বাস পিছু এই ৭০০ টাকা সংগ্রহ করবে। এই টাকা সরাসরি সরকারি তহবিলে জমা পড়বে, যা রাজ্যের উন্নয়নে কাজে লাগবে।
শহরের বিভিন্ন রাস্তায় রাতে সার দিয়ে বাস দাঁড়িয়ে থাকার কারণে তৈরি হয় তীব্র যানজট। এই নিয়ে ইদানীং পুলিশি ধরপাকড় ও জরিমানা শুরু হওয়ায় বাস মালিকেরাও বেশ সমস্যায় পড়েছিলেন। তাঁদের দাবি ছিল, শহরে পর্যাপ্ত গ্যারাজ বা সরকারি ডিপো না থাকায় তাঁরা বাধ্য হয়েই রাস্তায় গাড়ি রাখেন। বাস মালিকদের এই সমস্যার সমাধান করতেই পরিবহণ দপ্তর বৈধ টোকেন ব্যবস্থার মাধ্যমে এই পার্কিং ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রী জানিয়েছেন, আসন্ন দুর্গাপুজোর আগেই এই নিয়ম পুরো রাজ্যে কার্যকর করা হবে। বাসমালিকেরা পূর্বনির্ধারিত এই ৭০০ টাকা জমা দিয়ে বৈধ সরকারি টোকেন সংগ্রহ করতে পারবেন। এতে একদিকে যেমন পুলিশি হয়রানি ও জরিমানা থেকে রেহাই পাবেন বাস মালিকেরা, তেমনই অন্যদিকে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। পরিবহণমন্ত্রীর এই কড়া ও স্পষ্ট বার্তার পর শহরের বেআইনি পার্কিং ব্যবস্থার জট কতটা কাটে, এখন সেটাই দেখার।

