হট টপিক
রেকর্ড পুজো মহানগরে, আজ থেকেই নিশ্ছিদ্র পুলিশি পাহারা
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: উৎসবের মরশুমে তিলোত্তমায় রেকর্ড পুজো। গত বছরের তুলনায় এবার কলকাতায় এক ধাক্কায় ৪০০-রও বেশি পুজো বেড়েছে। লালবাজারের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে মহানগরে মোট পুজোর সংখ্যা দাঁড়িয়েছে ২,৯৮১টি। এই বিপুল সংখ্যক পুজোর ভিড় সামাল দেওয়া এবং আইন-শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। তাই আজ, মঙ্গলবার তৃতীয়ার দিন থেকেই কলকাতার রাজপথে নামছে বাড়তি পুলিশি নিরাপত্তা। তবে বুধবার, চতুর্থীর বিকেল থেকে পুরোদমে ময়দানে নামছেন হাজার হাজার পুলিশকর্মী।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতার বিভিন্ন এলাকার মধ্যে এবার পুজো আয়োজনের নিরিখে সকলকে টেক্কা দিয়েছে এসএসডি বা যাদবপুর ডিভিশন। এই একটি ডিভিশনেই এবার ৬৮৫টি পুজো হচ্ছে, যা শহরের মধ্যে সর্বোচ্চ। এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে এসডব্লুডি বা বেহালা ডিভিশন, যেখানে পুজোর সংখ্যা ৫৯৮টি। এ ছাড়াও পূর্ব কলকাতায় ৩৩৫টি, উত্তর কলকাতায় ৩১২টি, দক্ষিণ কলকাতায় ২৫৮টি এবং দক্ষিণ-পূর্ব কলকাতায় ২০৮টি মণ্ডপে মায়ের আরাধনা হচ্ছে। অন্যদিকে, ইস্ট ডিভিশনে ১৯৩টি, মধ্য কলকাতায় ১২৮টি ও বন্দর এলাকায় ১১৬টি পুজো হচ্ছে। নতুন যুক্ত হওয়া ভাঙড় ডিভিশনেও পুজোর সংখ্যা কম নয়, সেখানে এবার ১৪৮টি পুজোর অনুমতি দেওয়া হয়েছে।
আজ থেকেই কলকাতার রাজপথে টহলদারি শুরু করেছে পুলিশ। বিশেষ নজর দেওয়া হচ্ছে শহরের ট্রাফিক ব্যবস্থার উপর, যাতে দর্শনার্থীদের পাশাপাশি নিত্যযাত্রীদের কোনও ভোগান্তি না হয়। বুধবার বিকেল থেকে এই নজরদারি আরও আঁটসাঁট করা হবে। শহরের বড় বড় পুজো মণ্ডপগুলিতে থাকবে ওয়াচ টাওয়ার এবং সিসিটিভি ক্যামেরা। ইভটিজিং বা পকেটমার রুখতে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণে লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা নিজেরাই রাস্তায় থেকে পুরো বিষয়টি তদারকি করবেন। সব মিলিয়ে, রেকর্ড পুজোর এই মহানগরে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কোমর বেঁধে নামছে কলকাতা পুলিশ।

