হট টপিক
বিজ্ঞাপনে ‘খোলামেলা’ পোশাক! কঙ্গনার কটাক্ষের জবাবে মুখ খুললেন কৃতী
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: রাখিবন্ধন উৎসবের একটি বিজ্ঞাপনে পোশাকের কারণে নেটিজেনদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন (Kriti Sanon)। ওই বিজ্ঞাপনে একটি লো-নেক চোলি ও লেহঙ্গা পরে ভাইয়ের হাতে রাখি বাঁধতে দেখা গেছে অভিনেত্রীকে। একই সঙ্গে নিজের আদরের পোষ্যকেও রাখি পরান তিনি। এই ভিডিও প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয় বিতর্ক। অনেকেই দাবি করতে থাকেন, রাখিবন্ধনের মতো একটি পবিত্র ও পারিবারিক উৎসবে এই ধরনের ‘খোলামেলা’ পোশাক ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থী।
বিতর্কে ঘি ঢেলে কৃতীকে তীব্র আক্রমণ করেছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতও (Kangana Ranaut)। কৃতীর নাম না করে সমাজমাধ্যমে কঙ্গনা লেখেন, “এখন মেয়েদের ওয়ার্ড্রোবে ককটেল ড্রেস থেকে লেহঙ্গা-চোলি, জিন্স থেকে শাড়ি, বিকিনি থেকে সালোয়ার... সব রকমের বিকল্প রয়েছে। কিন্তু তা-ও ভাইকে রাখি বাঁধার সময়ে বিকিনি বা অন্তর্বাস পরার কী প্রয়োজন?” কঙ্গনার এই মন্তব্য বিতর্ককে আরও উস্কে দেয়।অবশেষে মঙ্গলবার এই লাগাতার সমালোচনার কড়া জবাব দিতে মুখ খুলেছেন কৃতী শ্যানন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করে অভিনেত্রী লেখেন, “একটা উৎসবের মূল মেজাজ তার পোশাকে নয়, বরং সেই ঐতিহ্যের প্রতি মানুষের অন্তরের আবেগে ধরা পড়ে।” নিজের পারিবারিক অভ্যাসের কথা উল্লেখ করে তিনি জানান, তাঁরা দুই বোনও একে অপরকে রাখি পরান এবং বাড়ির চারপেয়ে পোষ্যদেরও এই উৎসবে শামিল করেন, কারণ তারাও তাঁদের পরিবারেরই অংশ।সবশেষে পোশাক নিয়ে নীতিপুলিশির বিরুদ্ধে তোপ দেগে কৃতী প্রশ্ন তোলেন, “আর কবে আমরা মহিলাদের কী পরতে হবে, তা ঠিক করে দেওয়া বন্ধ করব? এত বছর ধরে ফ্যাশন এত এগিয়ে গেলেও, এখনও মেয়েদের সম্ভ্রম মাপা হয় তাঁদের পোশাকের বহর দেখে। আমাদের সংস্কৃতি আর ঐতিহ্য জড়িয়ে রয়েছে আমাদের মনে ও মননে, পোশাকের নেকলাইনে নয়।” কৃতীর এই সপাট জবাবের পর কঙ্গনা এখন কি বলেন তাই দেখার।

