বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

সাতসকালে কুঞ্জনগরে গন্ডারের হানা, এলাকায় তুমুল আতঙ্ক

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬
সাতসকালে কুঞ্জনগরে গন্ডারের হানা, এলাকায় তুমুল আতঙ্ক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, ফালাকাটা: সাতসকালে লোকালয়ে ঢুকে পড়ল মা গন্ডার ও তার ছানা। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের কুঞ্জনগর এলাকায়। জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে আসা এই গন্ডার দু’টি কুঞ্জনগরের একাধিক গ্রামে ঢুকে পড়ে বেশ কিছু বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এর ফলে গোটা এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরবেলা আচমকাই কুঞ্জনগরের ডাঙ্গাপাড়া ও সিংহাপাড়া এলাকায় বিশালাকায় একটি মা গন্ডার ও তার বাচ্চাকে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বন দপ্তর সূত্রে অনুমান, জলদাপাড়া অভয়ারণ্য থেকে বেরিয়ে বুড়িতোর্ষা নদী পেরিয়ে অবলীলায় লোকালয়ে ঢুকে পড়ে বন্যপ্রাণী দু’টি। সাতসকালে গ্রামের রাস্তায় গন্ডার দেখার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে চারপাশের চত্বরে শয়ে শয়ে মানুষের ভিড় জমে যায়। অনেকেই ঘরের বাইরে বেরিয়ে গন্ডার দেখতে হুড়োহুড়ি শুরু করে দেন।
গ্রামবাসীদের উপস্থিতি টের পেয়ে গন্ডার দুটিও কিছুটা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপরই তারা ডাঙ্গাপাড়া ও সিংহাপাড়ার বেশ কিছু বাড়ির দেওয়ালে ও বেড়ায় ধাক্কা মারে এবং হামলার চেষ্টা চালায়। বেগতিক দেখে গ্রামবাসীরা চিৎকার করতে শুরু করলে এলাকায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি খবর দেন বন দপ্তরে।
খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন জলদাপাড়া জাতীয় উদ্যান এবং কুঞ্জনগর বিটের বনকর্মীরা। এলাকাটি নদী তীরবর্তী এবং ঘন জনবসতিপূর্ণ হওয়ায় গন্ডার দুটিকে উদ্ধার করে পুনরায় জঙ্গলে ফেরানোর কাজে বেশ বেগ পেতে হচ্ছে বন দপ্তরের কর্মীদের। উত্তেজিত ভিড় সামাল দিতে এবং বন্যপ্রাণী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কর্মী। শেষ খবর পাওয়া পর্যন্ত, গন্ডার দুটিকে নিরাপদে জঙ্গলে খেদিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা।