৩৯ মাসেও মেলেনি বিধবা ভাতা, মানসিক ভারসাম্যহীনের টাকা মার অন্যের অ্যাকাউন্টে
রিচা দত্ত, লালগোলা: সরকারি প্রকল্পের টাকাই পাচ্ছেন না প্রকৃত হকদার। লালগোলার পন্ডিতপুর বাগান পাড়ার রেহেনা বিবি মানসিক ভারসাম্যহীন ও বিধবা। তার প্রাপ্য বিধবা ভাতা গত ৩৯ মাস ধরে জমা পড়ছে অন্যের অ্যাকাউন্টে।
পরিবারের অভিযোগ, রেহেনা বিবির বদলে এলাকার জাহাঙ্গীর আলম নামে এক যুবকের ব্যাঙ্কে ঢুকছে টাকা। ২০২৪ সালে প্রথম বিষয়টি ধরা পড়ে। তারপর থেকে বিডিও অফিসে বারবার আবেদন, নথি জমা দেওয়া হয়েছে। এমনকি জাহাঙ্গীরের সঙ্গে কথা বলেও লাভ হয়নি।
অভিযোগ, প্রশাসন শুধু "কাজ চলছে" বলে দিন কাটিয়েছে। হতাশ হয়ে মাঝে অভিযোগ করা বন্ধও করে দেন তারা।
রাজ্যে নতুন সরকার আসার পর আবার তারা দ্বারস্থ হন। শনিবার লালগোলা থানায় অভিযোগ জানাতে গিয়ে রাত ১০টা-১১টা পর্যন্ত বসে থাকতে হয়েছে বলেও অভিযোগ।
পরিবারের দাবি, অবিলম্বে রেহেনা বিবির অ্যাকাউন্ট ঠিক করে বকেয়া ৩৯ মাসের টাকা ফেরত দিতে হবে। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ ও স্থানীয় নেতৃত্ব।

