মহালয়ার মেগা অনুষ্ঠান: মঙ্গলবার রাত থেকেই বন্ধ রেড রোড
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। তার আগেই মহালয়ার মেগা অনুষ্ঠান ঘিরে সেজে উঠছে কলকাতা। আর এই মেগা উৎসবের প্রস্তুতির কারণেই মঙ্গলবার রাত থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হল শহরের অন্যতম প্রধান লাইফলাইন রেড রোড। লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ১০টার পর থেকেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে। আগামী ১১ অক্টোবর ভোর পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, মেগা অনুষ্ঠান উপলক্ষে রেড রোডের দু’দিকের লেরই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের মূল মঞ্চ, আলোকসজ্জা এবং অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভারী সরঞ্জাম নিয়ে যাতায়াত, প্যান্ডেল তৈরি এবং অনুষ্ঠান শেষে আবার সেই পরিকাঠামো খুলে ফেলার জন্য বেশ কিছুটা সময় লাগবে। এই বিশাল কর্মযজ্ঞ চলাকালীন রাস্তা খোলা থাকলে তীব্র যানজটের সৃষ্টি হতে পারত। পাশাপাশি সাধারণ পথচারী ও শ্রমিকদের নিরাপত্তার খাতিরে এবং দুর্ঘটনা এড়াতেই এই কড়া পদক্ষেপ।
লালবাজার আরও জানিয়েছে, মহালয়ার দিন রেড রোড থেকে ইডেন গার্ডেনস পর্যন্ত প্রায় ৭৫০ মিটার রাস্তা জুড়ে একটি বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হবে। আর উৎসবের মূল মেগা অনুষ্ঠানটি হবে ঐতিহাসিক ইডেন গার্ডেনসে। এই মেগা ইভেন্টে হাজির থাকবেন বহু ভিভিআইপি ও সাধারণ দর্শনার্থী। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন।
রেড রোড বন্ধ থাকার কারণে মঙ্গলবার রাত থেকেই সেন্ট্রাল অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড এবং স্ট্র্যান্ড রোডের মতো বিকল্প রাস্তাগুলিতে গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। অফিসযাত্রী ও সাধারণ মানুষকে যানজটের হাত থেকে বাঁচাতে ট্রাফিক পুলিশের তরফে বাড়তি কর্মী মোতায়েন করা হয়েছে। এই দিনগুলিতে যাতায়াতের জন্য সাধারণ মানুষকে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে লালবাজার।

