মানকর কলেজে হতে চলেছে ‘খেলো ইন্ডিয়া ডায়লগ’
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বৃদ্ধি, ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার সন্ধান এবং দেশের ক্রীড়া-সংস্কৃতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মানকর কলেজে হতে চলেছে ‘Khelo India Dialogue – Khel Ki Baat PM Modi Ke Sath’। জাতীয় ক্রীড়া দিবসকে সামনে রেখে আয়োজিত এই বিশেষ কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার মানকর কলেজে অনুষ্ঠিত হল এক সাংবাদিক সম্মেলন।
সাংবাদিক সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য্য, জাতীয় সেবা প্রকল্পের আধিকারিক অধ্যাপক অরিজিৎ ভট্টাচার্য এবং অধ্যাপক সুব্রত মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার মাই ভারতের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক সুজন ঠাকুর। অনুষ্ঠানের উদ্দেশ্য, পরিকল্পনা ও বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। ‘খেলো ইন্ডিয়া’ ভাবনার সঙ্গে তরুণ সমাজকে আরও নিবিড়ভাবে যুক্ত করা, তাঁদের মধ্যে খেলাধুলার প্রতি উৎসাহ তৈরি করা এবং সুস্থ ও সক্রিয় জীবনযাপনের বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়।
অনুষ্ঠানে ক্রীড়া ও যুবকল্যাণের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, তরুণদের অংশগ্রহণ এবং ক্রীড়া-সংক্রান্ত নানা কার্যক্রমের আয়োজন করা হবে। দেশের ক্রীড়াক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতি, নতুন প্রজন্মের ভূমিকা এবং ক্রীড়াকে কেন্দ্র করে ভারতের ভবিষ্যৎ সম্ভাবনাও অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পাবে।
সাংবাদিক সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ক্রীড়া শুধু প্রতিযোগিতা বা পদক জয়ের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত মানসিকতা, আত্মবিশ্বাস ও সুস্থ জীবনবোধ গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি বৃহত্তর তরুণ সমাজকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মানকর কলেজে এই ধরনের একটি জাতীয় স্তরের ক্রীড়া-কেন্দ্রিক কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় শিক্ষামহল ও ক্রীড়াপ্রেমীদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। আয়োজকদের আশা, এই অনুষ্ঠান তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং মানকর তথা পার্শ্ববর্তী এলাকার ক্রীড়া-চর্চাকে আরও গতিশীল করে তুলবে।

