হট টপিক
অতিরিক্ত বৃষ্টিতে ডুবল কজওয়ে, ঝুঁকি নিয়ে পারাপার স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: অতিরিক্ত বৃষ্টির জেরে ফের জলের তলায় ময়ূরেশ্বর-২ ব্লকের বান্দহা গ্রামের কাছে থাকা কজওয়ে। প্রায় কোমর সমান জলের উপর দিয়েই ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার করতে হচ্ছে স্কুল-কলেজের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, অফিসকর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। বাধ্য হয়ে কেউ মোটরবাইক ও সাইকেল নিয়ে জল পেরিয়ে যাচ্ছেন, আবার কেউ কাঁধে তুলে নিচ্ছেন সাইকেল।
স্থানীয়দের দাবি, কজওয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া মণিকর্নিকা কাদরের জলস্তর বৃদ্ধি পেলেই প্রতিবছরই এই কজওয়ে জলের তলায় চলে যায়। ফলে প্রায় ২০ থেকে ২৫টি গ্রামের মানুষের যাতায়াত কার্যত বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষ করে স্কুল পড়ুয়া ও অভিভাবকদের প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে এই পথ পেরোতে হচ্ছে।
সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। শেষ পর্যন্ত গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে কজওয়ের পাশে একটি বাঁশের অস্থায়ী সেতু তৈরি করেছেন। তবে সেটিও বর্তমানে প্রায় ভগ্নদশায়। প্রতি বছর বর্ষার সময় নতুন করে এই অস্থায়ী সেতু তৈরি করতে হয় বলেও দাবি তাঁদের।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর একই সমস্যার পুনরাবৃত্তি হলেও প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সেতু বা নিরাপদ পারাপারের ব্যবস্থা করা হয়নি। তাঁদের দাবি, দ্রুত কজওয়ের স্থায়ী সমাধান করা হোক, যাতে বর্ষার সময় স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষকে আর জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে না হয়।

