বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

নতিস্বীকার মেটার, শিশু নিগ্রহের কনটেন্ট মিললেই জানাবে পুলিশকে

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নতিস্বীকার মেটার, শিশু নিগ্রহের কনটেন্ট মিললেই জানাবে পুলিশকে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: অনলাইন দুনিয়ায় শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড়সড় সাফল্য পেল ভারতের কেন্দ্রীয় সরকার। ফেসবুক ও ইনস্টাগ্রামের মাদার অর্গানাইজেশন ‘মেটা’ অবশেষে কেন্দ্রের কড়া নির্দেশ এবং চাপের মুখে নতিস্বীকার করল। মঙ্গলবার একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাজমাধ্যমে শিশু নির্যাতন, অত্যাচার বা যৌন নিগ্রহমূলক কোনও কনটেন্ট বা বিজ্ঞাপনের খোঁজ মিললেই তা তৎক্ষণাৎ ভারতের তদন্তকারী সংস্থার হাতে তুলে দেবে মেটা।

সংস্থার এই সিদ্ধান্তকে শিশুদের অনলাইন সুরক্ষার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতদিন এই ধরণের আপত্তিকর পোস্টের ক্ষেত্রে মেটা সাধারণত তাদের নিজস্ব কনটেন্ট-মডারেশন ব্যবস্থার মাধ্যমে অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নিত। কিন্তু এবার থেকে এই ধরনের সাইবার অপরাধের তথ্য সরাসরি দেশের আইনপ্রয়োগকারী সংস্থার কাছে পৌঁছবে। ভারতে কাজ করা কোনও আন্তর্জাতিক সমাজমাধ্যম সংস্থার পক্ষ থেকে সরাসরি পুলিশকে তথ্য দেওয়ার এমন অঙ্গীকার এই প্রথম।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই সমাজমাধ্যমে শিশুদের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের সঙ্গে মেটার টানাপোড়েন চলছিল। বিশেষ করে ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের মাধ্যমে শিশু নির্যাতন ও শোষণের কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠার পর থেকেই কঠোর অবস্থান নেয় কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। মেটাকে কড়া হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, শিশুদের অনলাইন নিরাপত্তার প্রশ্নে ভারত সরকার কোনও আপস করবে না।
কেন্দ্রের সেই অনমনীয় মনোভাবের জেরেই শেষ পর্যন্ত সুর নরম করলেন মার্ক জুকারবার্গের সংস্থার কর্তারা। মেটার এক মুখপাত্র জানিয়েছেন, তাঁদের প্ল্যাটফর্মগুলিতে শিশুদের নিরাপত্তা বজায় রাখাই এখন সংস্থার প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্যে তাঁরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত। সরকারি সূত্রের খবর, প্রায় মাসদুয়েকের ধারাবাহিক বৈঠক ও আলোচনার পর অবশেষে এই বিষয়ে সম্মতি জানিয়ে আইটি মন্ত্রককে চিঠি পাঠিয়েছে মেটা কর্তৃপক্ষ। কেন্দ্রের এই পদক্ষেপে ইন্টারনেটের দুনিয়ায় শিশু নিগ্রহের মতো অপরাধের বাড়বাড়ন্ত অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।