তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা পদে মিঠুন চক্রবর্তী
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজ্য রাজনীতিতে ফের বড়সড় চমক। বড় দায়িত্ব পেলেন অভিনেতা তথা বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করা হলো ‘মহাগুরু’কে। নবান্ন সূত্রের খবর, মিঠুন চক্রবর্তীর এই নতুন পদের মর্যাদা রাজ্যের একজন পূর্ণ ক্যাবিনেট মন্ত্রীর সমান। ইতিমধ্যে নবান্নের পক্ষ থেকে এই বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিগত কয়েক মাস ধরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বেশ সরগরম। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক রাজনৈতিক সভা করেছিলেন মিঠুন চক্রবর্তী। তীব্র গরমের মাঝে প্রচার করতে গিয়ে মাঝপথে তিনি অসুস্থও হয়ে পড়েছিলেন। কিন্তু রাজনীতির ময়দান থেকে পিছু হঠেননি তিনি। এবার তাঁর এই লড়াকু মানসিকতা এবং সাংগঠনিক দক্ষতার ওপর ভরসা রেখে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক পদের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নবান্ন সূত্রের খবর, খুব শীঘ্রই এই নতুন পদের দায়িত্বভার গ্রহণ করবেন মহাগুরু। বর্তমানে সিনেমার শুটিংয়ের কাজে আলিপুরদুয়ারে রয়েছেন তিনি। উত্তরবঙ্গের সেই শ্যুটিং সেট থেকেই এই নতুন গুরুদায়িত্ব পাওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মিঠুন। তিনি জানান, দলের দেওয়া এবং সরকারের এই দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। এখন নতুন এই প্রশাসনিক গুরুদায়িত্বে ‘মহাগুরু’ কতটা সফল হন, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

