বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মোবাইলের নেশা কাটাতে কচিকাঁচাদের ফুটবল মাঠে আনল স্কুল

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬
মোবাইলের নেশা কাটাতে কচিকাঁচাদের ফুটবল মাঠে আনল স্কুল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, সবং: ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল...।’ চেনা গানের এই জনপ্রিয় সুরকে হাতিয়ার করেই এবার কচিকাঁচাদের ফের খেলার মাঠে ফিরিয়ে আনতে এক অভিনব উদ্যোগ নিল সবং পশ্চিম চক্রের বাড়কমল প্রাথমিক বিদ্যালয়। বর্তমান যুগে মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি ছোটদের শৈশবকে গ্রাস করছে। শিশুরা মাঠের খেলাধুলো ভুলে চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে পড়ছে। শিক্ষাবিদ ও চিকিৎসকদের মতে, পড়ুয়াদের দ্রুত মাঠমুখী না করা গেলে আগামী দিনে বড় বিপদ নেমে আসবে।

শিশুদের এই মারাত্মক মোবাইল আসক্তি ও মানসিক জড়তা কাটাতে গত বছর থেকেই একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। সবং এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলিকে এক ছাতার তলায় এনে শুরু হয়েছিল ‘ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা’। সেই রেশ টেনেই গত বুধবার বাড়কমল প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব মাঠে ধুমধাম করে আয়োজিত হয়ে গেল এই ফুটবল টুর্নামেন্ট। এলাকার ছোট ছোট পড়ুয়ারা এদিন ফুটবল পায়ে মাঠে নেমে মেতে ওঠে অনাবিল আনন্দে।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলোর কোনো বিকল্প নেই। ফুটবল মাঠে নামলে শিশুদের মধ্যে যেমন দলগত সংহতি বাড়ে, তেমনই শরীরও সুস্থ থাকে। সবুজ মাঠে বল পায়ে কচিকাঁচাদের এই দৌড়াদৌড়ি দেখতে এদিন মাঠের চারপাশে ভিড় জমিয়েছিলেন বহু অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও।
খেলার শেষে বিজয়ী ও বিজিত দলগুলির হাতে ট্রফি তুলে দেওয়া হয়। স্কুলের শিক্ষকেরা জানিয়েছেন, ছোটদের মোবাইল স্ক্রিন থেকে দূরে রেখে মাঠের ধুলোবালির স্বাদ পাইয়ে দিতে এই ধরনের ফুটবল প্রতিযোগিতা আগামী দিনেও জারি রাখা হবে। গ্রামীণ স্তরে স্কুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার ক্রীড়াপ্রেমী মানুষরা।