বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

আজ বর্ধমানে মোহন ভাগবত, নজরে আরএসএসের মেগা বৈঠক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬
আজ বর্ধমানে মোহন ভাগবত, নজরে আরএসএসের মেগা বৈঠক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আজ, বৃহস্পতিবার দু’দিনের সাংগঠনিক সফরে পূর্ব বর্ধমান জেলায় আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সরসঙ্ঘচালক মোহন ভাগবত। শুক্রবার পর্যন্ত তিনি জেলাতেই থাকবেন। তাঁর এই ঝটিকা সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা বর্ধমান শহর। সঙ্ঘের মধ্যবঙ্গ প্রদেশের সংগঠনকে চাঙ্গা করতেই আরএসএস প্রধানের এই আগমন বলে জানা গিয়েছে।

আরএসএস সূত্রে খবর, এই সফরে দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, নদীয়া এবং মুর্শিদাবাদের একাংশের কার্যকর্তা ও কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় ম্যারাথন বৈঠক করবেন মোহন ভাগবত। আজ দেওয়ানদিঘির একটি নামী স্কুলের হলঘরে প্রায় ১ হাজার ২০০ জন বাছাই করা প্রতিনিধির সঙ্গে তাঁর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে।

এরপর দেওয়ানদিঘির কর্মসূচি শেষ করে তিনি সরাসরি চলে আসবেন বর্ধমানের উল্লাসে অবস্থিত আরএসএসের প্রধান কার্যালয়ে। সেখানে ভিন রাজ্য থেকে আসা আরএসএসের শীর্ষ পদাধিকারীদের সঙ্গেও একান্তে বৈঠক করবেন সরসঙ্ঘচালক। সামনেই উৎসবের মরশুম ও আগামী দিনের একাধিক বড় সামাজিক কর্মসূচি। তার আগে মধ্যবঙ্গের জেলাগুলিতে সঙ্ঘের বুথ স্তর পর্যন্ত নেটওয়ার্ক মজবুত করতে এবং আগামী কার্যপদ্ধতি স্থির করতেই আরএসএস প্রধানের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।