হট টপিক
বর্ধমানে মোহন ভাগবত, রাতে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রণকৌশল নির্ধারণ করতে তিনদিনের রাজ্য সফরে এসেছেন সরসংঘচালক মোহন ভাগবত। বৃহস্পতিবার বর্ধমানের উল্লাসে আরএসএস-এর মধ্যবঙ্গ প্রান্ত কার্যালয়ে শুরু হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক ‘একত্রীকরণ’ কর্মসূচি এবং রুদ্ধদ্বার বৈঠক।
সংঘ সূত্রে খবর, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আরএসএস-এর প্রায় ৫ হাজার সক্রিয় শাখা রয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে এই শাখার সংখ্যা বাড়িয়ে ১০ হাজার করার একটি মেগা পরিকল্পনা নেওয়া হয়েছিল। তিনদিনের এই ম্যারাথন বৈঠকে মূলত সেই লক্ষ্যমাত্রার কাজের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। লক্ষ্য পূরণে খামতি কোথায় এবং আগামী দিনে সংগঠনকে আরও মজবুত করতে সংঘ প্রধান কী দিশা বা বার্তা দেন, সেদিকেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন রাজ্যের সাংগঠনিক নেতৃত্ব।
এদিকে, এই সাংগঠনিক সফরের মাঝেই বৃহস্পতিবার রাতে এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ও সামাজিক মুহূর্ত তৈরি হয়। উল্লাস উপনগরীতে আরএসএস কার্যালয়ে এসে সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। উৎসবের মরশুমে মুখ্যমন্ত্রী ও সরসংঘচালকের এই সাক্ষাৎকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

