হট টপিক
ভূষির বস্তার আড়ালে গোরু পাচারের চেষ্টা ময়নাগুড়িতে, গ্রেপ্তার চালক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: পিকআপ ভ্যানে ভূষির বস্তার আড়ালে লুকিয়ে গোরু পাচারের অভিনব ছক বানচাল করল ময়নাগুড়ির বিজেপি নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দারা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে ময়নাগুড়ি টাউন ব্লক বিজেপির সভাপতি সঞ্জীব বর্ধনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ১০টি গোরু উদ্ধার করে। রাতেই গোরু বোঝাই সেই গাড়িটিকে ধরে ময়নাগুড়ি থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় পুলিশ পিকআপ ভ্যানের চালককে গ্রেপ্তার করেছে। ধৃত চালকের নাম মহম্মদ বুলবুল। সে ময়নাগুড়ির টিবি হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ময়নাগুড়ি ও সংলগ্ন এলাকা দিয়ে রাতের অন্ধকারে গোরু পাচারের কারবার চলছিল বলে অভিযোগ উঠছিল। গতকাল রাতে বিজেপির টাউন ব্লক সভাপতি সঞ্জীব বর্ধনের কাছে খবর আসে, একটি পিকআপ ভ্যানে করে গোরু পাচার করা হচ্ছে। এর পরেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ময়নাগুড়ির রাস্তায় ওত পেতে বসেন তিনি। নির্দিষ্ট গাড়িটি আসতেই সেটিকে আটকানো হয়।
গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু করতেই চক্ষু চড়কগাছ হয় উপস্থিত সকলের। দেখা যায়, ওপর থেকে গাড়িটিতে শুধু ভূষির বস্তা বোঝাই করা রয়েছে বলে মনে হলেও, ভেতরে অত্যন্ত অমানবিক ও ঠাসাঠাসি অবস্থায় লুকিয়ে রাখা হয়েছে ১০টি গোরু। পাচারের উদ্দেশ্যে এই গোরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। এর পরেই উত্তেজিত জনতা গাড়িটিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গোরু বোঝাই গাড়ি সহ চালক মহম্মদ বুলবুলকে আটক করে থানায় নিয়ে যায়। পরে রাতেই তাকে নির্দিষ্ট ধারায় গ্রেপ্তার করা হয়। এই উদ্ধার হওয়া গোরুগুলিকে কোনও গোশালায় পাঠানোর ব্যবস্থা করছে প্রশাসন। ময়নাগুড়ি টাউন বিজেপি সভাপতি সঞ্জীব বর্ধন জানান, এলাকায় কোনওভাবেই গোরু পাচারের মতো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। এই চক্রের মূল পান্ডাদের খোঁজে এবং এর পিছনে বড় কোনও পাচারকারী দল জড়িত কি না, তা জানতে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

