বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পুরোনো বিবাদের জেরে মুর্শিদাবাদে বৃদ্ধকে কুপিয়ে খুন, কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬
পুরোনো বিবাদের জেরে মুর্শিদাবাদে বৃদ্ধকে কুপিয়ে খুন, কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: রবিবার সকালে পুরোনো জমি বিবাদের জেরে মুর্শিদাবাদের নবগ্রামে এক বৃদ্ধকে প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নবগ্রাম থানার খাজুরিয়া এলাকায়। তবে পুলিশের তৎপরতায় খুনের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের নাম নফল শেখ (৬২)। প্রতিদিনের মতো আজ সকাল সাড়ে ৮টা নাগাদ দুধ বিক্রি করে বাড়ি ফেরার পথে গরুর জন্য ঘাস আনতে যাচ্ছিলেন তিনি। খাজুরিয়া ফিল্ড সংলগ্ন রাস্তায় তখনই তাঁর ওপর অতর্কিত হামলা চালায় প্রতিবেশী হাবু শেখ (৬০)। অভিযোগ, ধারালো হাসুয়া নিয়ে নফল শেখকে এলোপাথাড়ি কোপাতে থাকে হাবু। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন নফল শেখ।

পরিবারের দাবি, হাবু শেখের সঙ্গে নফল শেখের দীর্ঘদিনের জায়গা-জমি ও বাড়ি তৈরি নিয়ে বিবাদ চলছিল। সেই পুরোনো আক্রোশের জেরেই একা পেয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

ঘটনার পরই অভিযুক্ত হাবু শেখ পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ছেলে ও পুত্রবধূ সহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। অভিযুক্তের ফাঁসির দাবি তোলেন তাঁরা।

পুলিশ জানায়, ঘটনার পরই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। রবিবার দুপুরের মধ্যেই নবগ্রাম থানার পুলিশ অভিযান চালিয়ে হাবু শেখকে গ্রেফতার করেছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে খাজুরিয়া এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।