কংগ্রেস-বিজেপি থেকে সমদূরত্ব, বনধে নিরপেক্ষ নবীন পট্টনায়েক
নিজস্ব প্রতিনিধি: মাত্র চার ঘণ্টার ব্যবধানে বড়সড় রাজনৈতিক ভোলবদল ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়েকের। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে বিরোধীদের মিছিলে অংশ নিয়েছিলেন বিজেডি-র রাজ্যসভার পাঁচ সাংসদ। তা নিয়ে জাতীয় ও রাজ্য রাজনীতিতে যখন তীব্র জল্পনা শুরু হয়, ঠিক তখনই নিজেদের আগের অবস্থানেই ফিরে গেল ওড়িশার প্রধান বিরোধী দল। বুধবারই দলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিজেডি এনডিএ কিংবা কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী 'ইন্ডিয়া' (INDIA) জোট— কারও সঙ্গেই নেই। উভয় পক্ষ থেকেই সমান দূরত্ব বজায় রাখবে তারা।
স্কুলের পাঠ্যপুস্তকে একাধিক মারাত্মক ভুলত্রুটির অভিযোগে ওড়িশার স্কুল ও গণশিক্ষা মন্ত্রী নিত্যানন্দ গন্ডের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার ১২ ঘণ্টার ওড়িশা বনধের ডাক দিয়েছে 'ইন্ডিয়া' জোটের নয়টি রাজনৈতিক দল। কিন্তু এই বনধকে কেন্দ্র করে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান নিয়েছে বিজেডি। দল জানিয়েছে, তারা এই বনধকে সমর্থনও করছে না, আবার এর বিরোধিতাতেও নামছে না।
বিজেডি-র মিডিয়া কো-অর্ডিনেটর লেনিন মোহান্তি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, "বৃহস্পতিবারের ডাকা বনধকে বিজেডি সমর্থন বা বিরোধিতা কোনওটাই করছে না। আমাদের একমাত্র লক্ষ্য ওড়িশার মানুষের অধিকার রক্ষা করা। তাই আমরা বিজেপি এবং কংগ্রেস— উভয়ের থেকেই সমদূরত্ব বজায় রাখছি।" রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, জাতীয় স্তরে কোনও জোটে শামিল না হয়ে নিজেদের আঞ্চলিক আধিপত্য ও স্বাধীন অস্তিত্ব বজায় রাখতেই নবীন পট্টনায়েকের এই দ্রুত ভোলবদল।

