হট টপিক
তিব্বতের জলে ভাসল নেপালের রাসুয়া জেলা
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: প্রকৃতির রূঢ় গ্রাসে ফের বিপর্যস্ত হয়ে পড়ল নেপাল। উত্তর নেপালের রাসুয়া জেলায় হড়পা বানের দাপটে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। বুধবার সকালে তিব্বতের দিক থেকে আচমকাই নেমে আসা এক বিপুল জলরাশি আছড়ে পড়ে নেপালের ভোতেকোশি নদীতে। মুহূর্তের মধ্যে সেই জলস্ফীতি ভয়ঙ্কর রূপ নেয়। রাসুয়া জেলার বিস্তীর্ণ এলাকায় নদীর উপচে পড়া জলের তোড়ে তাসের ঘরের মতো ধুয়ে-মুছে সাফ হয়ে গিয়েছে একের পর এক ঘরবাড়ি, দোকান এবং সেতু। জলের তীব্র গতিতে ভেসে গিয়েছে বহু যানবাহনও।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, তিব্বত মালভূমি অঞ্চলে হওয়া আকস্মিক মেঘভাঙা বৃষ্টি অথবা হিমবাহ-হ্রদ ফেটে যাওয়ার (GLOF) ফলেই এই বিপুল জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। ভোতেকোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী তিমুরে এবং স্যাফরুবেসি এলাকার বাজার ও জনবসতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছ। নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে ভারত ও নেপালকে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক রাস্তা এবং সেতু। এছাড়া এই হড়পা বানের কারণে চিলিম-সহ বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
দুর্যোগের খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমেছে নেপাল সেনা, সশস্ত্র পুলিশ বাহিনী এবং নেপাল পুলিশ। দুর্গম পার্বত্য এলাকা থেকে মানুষকে উদ্ধার করতে নামানো হয়েছে একাধিক চপার। প্রবল স্রোতে এখনও পর্যন্ত বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় পর্যটকও রয়েছেন বলে জানা গিয়েছে। নদীর ভাটির দিকে থাকা নুয়াকোট, ধাদিং ও চিতবানের মতো একাধিক জেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। নদীর তীরবর্তী নিচু এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

