বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৫ জওয়ান

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬
পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৫ জওয়ান
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক ভয়াবহ আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১২ জন সেনা জওয়ান-সহ মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উত্তর-পশ্চিম পাখতুনখোয়া প্রদেশের টাঙ্ক জেলায় এই রক্তক্ষয়ী হামলাটি ঘটে। তবে ঘটনার পর পাক সেনাবাহিনীর পালটা প্রত্যাঘাতে ১২ জন চরমপন্থী খতম হয়েছে বলে সেনা সূত্রে দাবি করা হয়েছে।

পাক সেনা সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকার নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল একদল চরমপন্থী। কিন্তু কড়া সুরক্ষাবেষ্টনী ভেদ করতে না পেরে, তারা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সটান ধাক্কা মারে সেনা চেকপয়েন্টের বাইরের দেওয়ালে। মুহূর্তের মধ্যে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জন সেনা জওয়ান, দু’জন পুলিশ কর্মী এবং বন বিভাগের এক কর্মকর্তার।
এই ঘটনার পরই তীব্র প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এলাকা ঘিরে ফেলে শুরু হয় দুপক্ষের তুমুল গুলির লড়াই। সেনার লাগাতার পালটা জবাবে একে একে ১২ জন চরমপন্থী নিহত হয়। সীমান্ত এলাকায় চরমপন্থীদের দমনে এখনও সেনা অভিযান জারি রয়েছে বলে জানা গিয়েছে।
আফগান সীমান্তবর্তী এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে চরমপন্থীদের আনাগোনা এবং হামলা অনেকটাই বেড়ে গিয়েছে। এই নব্য আত্মঘাতী হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ওপর বড়সড় ধাক্কা দিল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।