রাজ্যের নাম পশ্চিমবঙ্গই থাকছে, বিল আনবে সরকার
নিজস্ব প্রতিনিধি: বাংলা বা ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’-ই থাকছে। খুব শীঘ্রই এই বিষয়ে বিধানসভায় একটি বিল আনা হবে। সোমবার সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
তৃণমূল জমানায় রাজ্যের নাম বদলে ‘বাংলা’ বা ‘ওয়েস্ট বেঙ্গল’ করার জন্য বিধানসভায় একাধিকবার প্রস্তাব পাস করা হয়েছিল। দিল্লির কাছে সেই প্রস্তাব পাঠানো হলেও তাতে চূড়ান্ত সিলমোহর পড়েনি। এবার রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সরকার সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসতে চলেছে।
শমীক ভট্টাচার্য এদিন স্পষ্ট করে দেন, ভাষার ভিত্তিতে বা অন্য কোনও কারণে রাজ্যের ঐতিহাসিক নাম পরিবর্তনের কোনও প্রয়োজন নেই। তিনি বলেন, “এখন থেকে আর কোনও ওয়েস্ট বেঙ্গল বা বাংলা শব্দ ব্যবহার করা হবে না। ইংরাজিতেও এই রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ। ঐতিহাসিক দিক থেকে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ—এই তিন ভূখণ্ডের মধ্যে মূল বঙ্গের একটা বড় অংশ আজ আর আমাদের সঙ্গে নেই। দেশভাগের সময় সেই বঙ্গের অর্ধেকটা চলে গিয়েছে। আমাদের কাছে পড়ে রয়েছে শুধু এই পশ্চিমবঙ্গ। তাই এই নামটুকুর সঙ্গেই জড়িয়ে রয়েছে আমাদের আবেগ এবং ইতিহাস।”
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের নাম-বদলের বিতর্কে ইতি পড়তে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এর আগে যখনই নাম পরিবর্তনের প্রস্তাব উঠেছিল, তখনই সমাজের একাংশ এবং বিরোধী দলগুলি এর তীব্র বিরোধিতা করেছিল। তাদের যুক্তি ছিল, ‘পশ্চিমবঙ্গ’ নামের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশভাগ এবং বাঙালি উদ্বাস্তুদের এক দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। নাম বদলে দিলে সেই ইতিহাস মুছে যাবে।
নবান্ন সূত্রের খবর, আগামী বিধানসভা অধিবেশনেই এই সংক্রান্ত বিলটি পেশ করা হতে পারে। বিলটি পাস হয়ে গেলে প্রশাসনিক স্তরে সব ধরনের নথিপত্র এবং সরকারি কাজে শুধুমাত্র ‘পশ্চিমবঙ্গ’ নামটুকুই ব্যবহার করা বাধ্যতামূলক হবে। সব মিলিয়ে রাজ্যের নাম ধরে রাখার এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

