পুজোর মুখেও মেলেনি ডাক, চরম হতাশায় পূর্বস্থলীর মহিলা ঢাকিরা
নিজস্ব প্রতিনিধি: শারদোৎসবের ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পাটুলি মধুপুর দাসপাড়ার মহিলা ঢাকিদের ঘরে এখনও উৎসবের আলো পৌঁছায়নি। ঢাক বাজানোকে সম্বল করে যাঁরা এক দিন স্বনির্ভরতার নতুন পথ খুঁজে পেয়েছিলেন, পুজোর মুখে বুকভরা হতাশা গ্রাস করেছে সেই লড়াকু মহিলাদের। মহড়া নিয়মিত চললেও, এখনও পর্যন্ত কোনও পুজো মণ্ডপ থেকে ডাক না পাওয়ায় চরম আর্থিক অনিশ্চয়তায় দিন কাটছে তাঁদের।
সংসার সামলে পুরুষ ঢাকিদের পাশাপাশি কয়েক বছর আগে পাটুলিতে তৈরি হয়েছিল এই বিশেষ মহিলা ঢাকির দল। নিজেদের দক্ষতায় রাজ্য তো বটেই, ভিন রাজ্যেও সুনাম কুড়িয়েছেন এই কন্যারা। গত বছরও সুদূর সেকেন্দ্রাবাদে গিয়ে অতি সুনামের সঙ্গে ঢাক বাজিয়ে এসেছিলেন তাঁরা। নিজেদের সংসারে কিছুটা আর্থিক সাহায্য জোগাতেই এই পেশাকে বেছে নিয়েছিলেন পাটুলির গৃহবধূরা।
কিন্তু এ বারের ছবিটা সম্পূর্ণ আলাদা। শারদীয়া কড়া নাড়লেও এখনও কেন বায়না এল না, তা ভেবেই আকুল ঢাকিরা। মহিলা দলের নেত্রী শিখা দাস জানালেন, ‘‘এ বছর ওড়িশা থেকে ঢাক বাজানোর ডাক এসেছিল। কিন্তু ঢাক নিয়ে দূরপাল্লার ট্রেনে যাতায়াত করা খুবই অসুবিধাজনক। তাই আমরা সেটা প্রত্যাখ্যান করেছিলাম। ভেবেছিলাম বাংলার বুকেই কাছাকাছি কোথাও না কোথাও ডাক আমরা পেয়ে যাবই। কিন্তু আমাদের সেই আশা এখনও পূরণ হয়নি।’’
পুজোর মরশুমে ঢাকের বোলে চারদিক মুখরিত করে তোলার আশায় দিন গুনছিলেন এই স্বনির্ভর মহিলারা। কিন্তু উৎসবের দোরগোড়ায় দাঁড়িয়েও কোনও বরাত না মেলায় এখন কপালে চিন্তার ভাঁজ দাসপাড়ার মহিলা ঢাকিদের।

