রেফার করতেই মৃত্যু, তারপরেই মার, রঘুনাথগঞ্জের নার্সিংহোমে ফের প্রশ্নের মুখে চিকিৎসা-নিরাপত্তা
রিচা দত্ত, রঘুনাথগঞ্জ: রোগীকে বাঁচানো গেল না। রেফার করতে গিয়েই মৃত্যু হল। আর তার দায় পড়ল চিকিৎসকের ঘাড়ে।
রঘুনাথগঞ্জের সাইদাপুরের এক বাসিন্দাকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয় স্থানীয় এক বেসরকারি নার্সিংহোমে। চিকিৎসকদের দাবি, হাতে সময় ছিল না। তাই দ্রুত কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত। কিন্তু অ্যাম্বুলেন্সে ওঠানোর মুহূর্তেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রোগী।
ব্যাস, তারপরেই বদলে গেল ছবি। নার্সিংহোম চত্বরে শুরু হল ভাঙচুর। আক্রান্ত হলেন কর্তব্যরত চিকিৎসক *মিজানুর রহমান*। মারধরে গুরুতর জখম অবস্থায় তাকেও ভর্তি হতে হল একই নার্সিংহোমে।
পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলেও প্রশ্নটা থেকেই গেল - একজন চিকিৎসক তার কর্তব্য করতে গিয়ে কেন আক্রান্ত হবেন?
এই ঘটনার প্রতিবাদে রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে চিকিৎসক সংগঠন। তাদের স্পষ্ট দাবি, হাসপাতাল-নার্সিংহোমে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

