বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পেট্রলে অতিরিক্ত ইথানল, রানিবাঁধে তীব্র উত্তেজনা

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬
পেট্রলে অতিরিক্ত ইথানল, রানিবাঁধে তীব্র উত্তেজনা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পেট্রলে মাত্রাতিরিক্ত ইথানল মিশিয়ে বিক্রির অভিযোগে ওপার বাংলায় যখন রাজ্যনীতি সরগরম, ঠিক তখনই বাঁকুড়ার রানিবাঁধে ছড়াল তীব্র উত্তেজনা। রানিবাঁধের একটি পেট্রল পাম্পে ভেজাল তেল বিক্রির অভিযোগে শুক্রবার রাতে ধুন্ধুমার কাণ্ড ঘটে। এক যুবকের সতর্কতায় পাম্পের এই কীর্তি ফাঁস হতেই ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য ক্রেতারা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, শেষ পর্যন্ত ঘটনাস্থলে রানিবাঁধ থানার পুলিশকে ছুটে যেতে হয়। প্রবল জনরোষের মুখে পড়ে শেষমেশ ক্রেতাদের টাকা ফেরত দিতে বাধ্য হয় পাম্প কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন সকালে রানিবাঁধের আকখুটা এলাকার এক বাসিন্দা প্লাস্টিকের বোতলে করে পাম্প থেকে পেট্রল কিনেছিলেন। কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন, তেলের উপরিভাগে জলের মতো একটি আস্তরণ ভাসছে, এবং পেট্রলের স্বাভাবিক রং অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। তড়িঘড়ি ওই যুবক গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ‘লাইভ’ করে দেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হতেই শয়ে শয়ে ক্ষুব্ধ ক্রেতা পাম্পে এসে চড়াও হন।
প্রথম দিকে পাম্পের কর্মীরা বিষয়টিকে আমল দিতে চাননি। কিন্তু গ্রামবাসীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে চাপে পড়ে যায় পাম্পের ম্যানেজার। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেগতিক দেখে বোতল ও জারে কেনা তেল ফেরত নিয়ে ক্রেতাদের টাকা ফিরিয়ে দেয় পাম্প কর্তৃপক্ষ।
পাম্পের এক কর্মী পরে স্বীকার করেন, পেট্রলে ইথানলের পরিমাণ নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি ছিল। পুলিশের নির্দেশে আপাতত সেখানে তেল বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। রানিবাঁধ থানার এক আধিকারিক জানান, ভেজাল পেট্রল বিক্রি নিয়ে থানায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতেই পুলিশ শুক্রবার রাতে সেখানে গিয়েছিল। এই ঘটনার পর প্রত্যন্ত এলাকার পেট্রল পাম্পগুলির ওপর নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।