বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পিতলের রথে সওয়ার রানিগঞ্জের সিয়ারসোল রাজবাড়ির কুলদেবতা

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬
পিতলের রথে সওয়ার রানিগঞ্জের সিয়ারসোল রাজবাড়ির কুলদেবতা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: আসানসোল-দুর্গাপুর খনি শিল্পাঞ্চলের প্রাচীনতম উৎসবগুলির মধ্যে অন্যতম রানিগঞ্জের সিয়ারসোল রাজবাড়ির রথযাত্রা। ১৮৩৬ সালে তৎকালীন জমিদার গোবিন্দপ্রসাদ পণ্ডিতের হাত ধরে যে উৎসবের সূচনা হয়েছিল, আজ তা ১৮৮ বছর পেরিয়েও সমান উজ্জ্বল। এই রথযাত্রার মূল বিশেষত্ব হলো, পুরীর প্রথা ভেঙে এখানে জগন্নাথ, বলরাম বা সুভদ্রা নন, বরং রথে অধিষ্ঠান করেন রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্র জিউ (রাধাকৃষ্ণ)।

একদম প্রথম দিকে পুরীর জগন্নাথ দেবের রথের আদলে একটি বিশাল কাঠের রথে এই উৎসব উদযাপিত হতো। কিন্তু বিশ শতকের শুরুর দিকে (মতান্তরে ১৯২২-২৫ সালের মাঝে) এক অগ্নিকাণ্ডে সেই ঐতিহ্যবাহী কাঠের রথটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এরপরই সিয়ারসোল রাজ পরিবারের তৎকালীন সদস্য প্রমথনাথ মালিয়ার নির্দেশে কলকাতার চিৎপুরের বিখ্যাত শিল্পী প্রসাদ চন্দ্র দাসকে দিয়ে একটি অভূতপূর্ব পিতলের রথ তৈরি করানো হয়। মাহেশের রথের আদলে তৈরি, ৩৫ ফুট উঁচু এই নবরত্ন পিতলের রথটি বিগত ১০০ বছরেরও বেশি সময় ধরে এই রাজবাড়ির প্রাঙ্গণে শোভা পাচ্ছে। 
রথের গায়ে খোদাই করা রয়েছে শ্রীকৃষ্ণের লীলার নান্দনিক সব চিত্র। প্রতি বছর রথযাত্রার দিন সিয়ারসোলের নতুন জমিদারবাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত পুরনো জমিদারবাড়ি (মাসির বাড়ি) পর্যন্ত এই রথ টেনে নিয়ে যাওয়া হয়। উৎসবের তদারকিতে বর্তমানে রাজ পরিবারের পাশাপাশি যুক্ত রয়েছে ‘সিয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন’। রথযাত্রাকে কেন্দ্র করে রানিগঞ্জের রাজবাড়ি চত্বরে বসে এক বিশাল ও ঐতিহাসিক ১৫ দিনের মেলা। পাঁপড় ভাজা, জিলিপি, হরেক রকমের খেলনা আর নাগরদোলার টানে শুধু পশ্চিম বর্ধমান নয়, পার্শ্ববর্তী জেলা এবং ঝাড়খণ্ড থেকেও হাজার হাজার মানুষের ঢল নামে এই মেলা প্রাঙ্গণে।