হট টপিক
ঋতব্রতর দলই ‘আসল তৃণমূল’, স্বীকৃতি পেল অরূপ রায়ের নেতৃত্ব
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের প্রতীক ও ক্ষমতার দখল নিয়ে কালীঘাট বনাম ঋতব্রত শিবিরের আইনি লড়াইয়ে রবিবার ঐতিহাসিক রায় দিল আলিপুর আদালত। জোড়াফুল শিবিরের ভঙ্গুর ও ছত্রাখান অবস্থায় দিশেহারা সাধারণ কর্মীরা দলের চূড়ান্ত ফয়সালা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার রায়ে আদালত স্পষ্ট জানিয়ে দিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলটাই আসলে ‘আসল তৃণমূল কংগ্রেস’। প্রবীণ নেতা অরূপ রায় যে দলের সর্বভারতীয় চেয়ারপার্সন, সেটাই এই দলের আসল আইনি পরিচয়।
আদালতের এই বিরাট সাফল্যের পর আজ রবিবারই একটি বিশেষ সাংবাদিক বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আলিপুর আদালতের এই রায়ের লিখিত কপি হাতে পেলেই তা সরাসরি ভারতের নির্বাচন কমিশনে (ECI) পাঠানো হবে, যাতে দলের প্রতীক ও তহবিলের ওপর তাঁদের দাবি আরও জোরাল করা যায়। এই রায়ের ফলে দীর্ঘদিনের দড়ি টানাটানির পর রাজনৈতিকভাবে চরম ধাক্কা খেল কালীঘাট শিবির তথা মমতা বন্দ্যোপাধ্যায়।

