বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

সৌদি আরবে হাউথি হামলা, বাতিল রিয়াধগামী ভারতীয় বিমান

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬
সৌদি আরবে হাউথি হামলা, বাতিল রিয়াধগামী ভারতীয় বিমান
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ড্রোন হামলায় কেঁপে উঠল সৌদি আরব। আক্রান্ত রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, হামলার জেরে বিমানবন্দরের ভিতরে দাঁড়িয়ে থাকা একটি বিমান থেকে আচমকাই কালো ধোঁয়া বেরতে দেখা যায়। এই ঘটনার পর চরম আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। যুদ্ধকালীন তৎপরতায় বন্ধ রাখা হয়েছে সমস্ত বিমান ওঠানামা।

এই ঘটনার সরাসরি প্রভাব পড়েছে ভারতের বিমান পরিষেবাতেও। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ভারত থেকে রিয়াধগামী একাধিক উড়ান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রথম সারির বিমান সংস্থাগুলি। বিমান সংস্থা সূত্রের খবর, আগামী ১০ অক্টোবর পর্যন্ত রিয়াধের সমস্ত বিমান পরিষেবা সম্পূর্ণ স্থগিত রাখা হচ্ছে। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বড় বড় সংস্থাগুলি ইতিমধ্যেই তাদের উড়ান বাতিলের কথা ঘোষণা করেছে।
হঠাৎ করে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। উৎসবের মরশুমে বহু ভারতীয় কর্মক্ষেত্র বা পরিজনদের কাছে ফেরার জন্য রিয়াধ যাওয়ার টিকিট কেটেছিলেন। বিমান বাতিলের খবরে তাঁদের কপালে এখন চিন্তার ভাঁজ। বিমান সংস্থাগুলির তরফ থেকে জানানো হয়েছে, রিয়াধের পরিস্থিতি এখন অত্যন্ত উদ্বেগজনক। এই অবস্থায় কোনোভাবেই যাত্রীদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি নেওয়া সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমানবন্দরে উড়ান চালু করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে।
সৌদি আরব প্রশাসনের পক্ষ থেকে কিং খালিদ বিমানবন্দরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গোটা পরিস্থিতি কড়া নজরে রাখছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকও। বাতিল হওয়া বিমানের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে নাকি পরিস্থিতি বদলালে বিকল্প ব্যবস্থা করা হবে, তা নিয়ে বিমান সংস্থাগুলি দ্রুত পরবর্তী নির্দেশিকা জারি করবে বলে জানা গিয়েছে। আপাতত ১০ অক্টোবর পর্যন্ত রিয়াধের আকাশপথ ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য বন্ধ থাকছে।