বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

স্কুল পরিদর্শনে নামছেন শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ কর্তারা

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬
স্কুল পরিদর্শনে নামছেন শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ কর্তারা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বিদ্যালয়গুলির পঠনপাঠনের মানোন্নয়ন এবং পরিকাঠামো খতিয়ে দেখতে এবার পদক্ষেপ গ্রহণ করল বিকাশ ভবন। স্কুলশিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টর পর্যায়ের উচ্চপদস্থ আধিকারিকরাও এবার সরাসরি বিদ্যালয় পরিদর্শনে নামছেন। রাজ্যজুড়ে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ওপর নজরদারি আরও জোরদার করতেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর।

নতুন নির্দেশিকা অনুযায়ী, শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ এই আধিকারিকদের প্রতি মাসে অন্তত একদিন করে যে কোনও একটি স্কুল পরিদর্শনে যেতে হবে। সেখানে গিয়ে তাঁরা স্কুলের পঠনপাঠন, মিড-ডে মিলের গুণমান এবং শিক্ষক ও পড়ুয়াদের উপস্থিতির হার খতিয়ে দেখবেন। শুধু শীর্ষ কর্তারাই নন, এই পরিদর্শন প্রক্রিয়ায় গতি আনতে নীচের স্তরের আধিকারিকদের কাজের পরিধিও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

বিকাশ ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে সাব ইনস্পেক্টর অব স্কুলস বা এসআই পদমর্যাদার আধিকারিকদের প্রতি সপ্তাহে অন্তত দু’টি করে স্কুল পরিদর্শন করতে হবে। অন্য দিকে, অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর অব স্কুলস বা এআই-দের ক্ষেত্রে মাসে অন্তত দু’টি স্কুলে পরিদর্শনে যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পরিদর্শনের পর প্রতিটি স্কুল সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে উচ্চমহলে জমা দিতে হবে।

শিক্ষা মহলের মতে, অনেক সময়ই গ্রামীণ বা প্রত্যন্ত এলাকার স্কুলগুলিতে পরিকাঠামোগত নানা খামতি থেকে যায়। এবার শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকরা সরাসরি মাঠে নামায় স্কুলগুলির প্রশাসনিক কাজে স্বচ্ছতা ফিরবে এবং গাফিলতি অনেকটাই কমবে। পাশাপাশি, স্কুলগুলির সমস্যাগুলিও দ্রুত রাজ্য সরকারের নজরে আসবে বলে মনে করা হচ্ছে।