হট টপিক
শিল্ল্যা রামকৃষ্ণ সারদা মিশনে কম্পিউটার ল্যাবের উদ্বোধন, নামমাত্র খরচে বৃত্তিমূলক শিক্ষার সুযোগ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একগুচ্ছ নতুন পরিকাঠামোর সূচনা হলো পূর্ব বর্ধমানের গলসির শিল্ল্যা রামকৃষ্ণ সারদা মিশনে। সোমবার মিশনের একটি দৃষ্টিনন্দন নতুন প্রবেশদ্বার বা ফটকের উদ্বোধন করলেন রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদিকা প্রব্রজিকা অতন্দ্রপ্রাণা মাতাজি। প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে এই সুদৃশ্য ফটকটি নির্মাণ করা হয়েছে। এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্ল্যা রামকৃষ্ণ সারদা মিশনের সম্পাদিকা প্রব্রজিকা করুণাপ্রাণা মাতাজি-সহ অন্যান্য সন্ন্যাসিনী ও বিশিষ্টজনেরা।
ফটক উদ্বোধনের পাশাপাশি এদিন ছাত্রীদের স্বনির্ভরতার লক্ষ্যে মিশনে একটি আধুনিক কম্পিউটার ল্যাবেরও আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রব্রজিকা অতন্দ্রপ্রাণা মাতাজি প্রদীপ জ্বালিয়ে এই ল্যাবের উদ্বোধন করেন। প্রথম দফায় ৩৫ জন ছাত্রীকে নিয়ে এখানে কম্পিউটার প্রশিক্ষণ শুরু হচ্ছে। বর্তমান যুগের চাহিদার কথা মাথায় রেখে এই ল্যাবে জিএসটি (GST), ডিটিপি (DTP), ফটোশপ (Photoshop) এবং তথ্যপ্রযুক্তি বা আইটি (IT) কোর্সের প্রশিক্ষণ দেওয়া হবে।
মিশন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এলাকার গরিব ও দুস্থ পরিবারের ছাত্রীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারের কথা মাথায় রেখে এই কম্পিউটার কোর্সের পাশাপাশি ছাত্রীদের জন্য স্পোকেন ইংলিশ বা ইংরেজি কথন শিক্ষারও ব্যবস্থা থাকছে। মাত্র ১০০ টাকা মাসিক ফি-এর বিনিময়ে ছাত্রীরা এই আধুনিক কম্পিউটার ও ইংরেজি শিক্ষার সুযোগ পাবে, যা তাঁদের ভবিষ্যতে স্বাবলম্বী হতে বিশেষভাবে সাহায্য করবে বলে আশাবাদী মিশন কর্তৃপক্ষ।

