হট টপিক
প্রাক্তন ছাত্ররা এগিয়ে এলেন বিদ্যালয়ের জন্য
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: ভালোবাসা সব সময় চোখে দেখা যায় না। তবে কিছু ভালোবাসা কাজের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে ওঠে। এমনই এক অনন্য নজির গড়লেন নলহাটি–২ নম্বর ব্লকের হাঁসন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শীতল গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা।
বিদ্যালয় পরিচালন সমিতির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের অনুমতি নিয়ে আজ সকালে বেশ কয়েকজন প্রাক্তন ছাত্রছাত্রী একত্রিত হয়ে বিদ্যালয়ে উপস্থিত হন। এরপর তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। শুধু ক্লাসরুমই নয়, বিদ্যালয় চত্বরের বিভিন্ন স্থানে পড়ে থাকা আবর্জনা, আগাছা ও নোংরা-আবর্জনাও নিজেদের উদ্যোগে পরিষ্কার করেন।
প্রাক্তনীদের এই উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণ ফিরে পায় নতুন ও পরিচ্ছন্ন পরিবেশ। তাদের এই কাজ শুধু বিদ্যালয়ের প্রতি ভালোবাসার প্রকাশ নয়, বর্তমান শিক্ষার্থীদের কাছেও সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রাক্তন ছাত্রছাত্রীদের বক্তব্য, যে বিদ্যালয় তাদের শিক্ষার ভিত্তি গড়ে দিয়েছে, সেই বিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ। ভবিষ্যতেও বিদ্যালয়ের উন্নয়ন ও সৌন্দর্যায়নের জন্য তারা এ ধরনের সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে চান।
এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দারাও। সকলের মতে, প্রাক্তনীদের এই আন্তরিক ভালোবাসা ও দায়িত্ববোধ অন্য বিদ্যালয়গুলির কাছেও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

