বুদ্ধদেবের ‘ডু ইট নাও’, পুলিশকে ‘খোলা ছুট’ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
নিজস্ব প্রতিনিধি: রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা এবং পুলিশের সক্রিয়তা বাড়াতে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সেই বিখ্যাত আপ্তবাক্য ‘ডু ইট নাও’-এর অনুরণন শোনা গেল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। শুক্রবার মুর্শিদাবাদের বহরমপুরে এক প্রশাসনিক বৈঠকে ধুলিয়ান বা শমসেরগঞ্জের মতো হিংসাত্মক ঘটনার পুনরাবৃত্তি আটকাতে পুলিশকে কোনো দ্বিধা না রেখে সরাসরি আইনি ক্ষমতা প্রয়োগের কড়া নির্দেশ দেন তিনি। সাম্প্রতিক সময়ে দক্ষিণ ২৪ পরগনার এনকাউন্টার-বিতর্কের আবহে মুখ্যমন্ত্রীর এই বার্তা অত্যন্ত ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বহরমপুর রবীন্দ্রসদনে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, ‘‘পুলিশকে খুব পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। ধুলিয়ান, শমসেরগঞ্জ, বেলডাঙা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। ভারতীয় ন্যায় সংহিতায় যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে প্রশিক্ষণ নিয়ে এসেছেন, আপনি যে শৃঙ্খলা-বাহিনীর প্রশিক্ষণ নিয়ে এসেছেন, সে অনুযায়ী ‘ডু ইট নাও’। পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে।’’
প্রশাসনের অন্দরে কাজের গতি ও সক্রিয়তা বাড়াতে একসময় বুদ্ধদেব ভট্টাচার্য এই ‘ডু ইট নাও’ স্লোগানটি ব্যবহার করতেন। এবার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন মুখ্যমন্ত্রী যেভাবে পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপের তোয়াক্কা না করে স্বাধীনভাবে কাজ করার গ্রিন সিগন্যাল দিলেন, তা রাজ্য রাজনীতিতে এক নতুন মোড় আনতে চলেছে বলেই মত বিশেষজ্ঞদের।

