দুই আসনেই জিতবে বিজেপি, আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু
নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রাম ও রেজিনগর— রাজ্যের এই দু’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শেষ হতেই জয়ের বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ভোটগ্রহণ পর্ব মিটতেই তিনি দাবি করেন, শুধু জয় নয়, দু’টি আসনেই বিপুল ব্যবধানে উড়বে পদ্ম পতাকা। বিশেষ করে নিজের পুরোনো কেন্দ্র নন্দীগ্রামে এবার বিজেপির জয়ের মার্জিন অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে তাঁর পূর্বাভাস।
শুভেন্দু জানান, গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার নন্দীগ্রামে বিজেপির জয়ের ব্যবধান বহুগুণ বৃদ্ধি পাবে। তাঁর নিজের জয়ের মার্জিনের থেকেও এবার বিজেপি প্রার্থী হাসিরানি রথ ৫ থেকে ৬ গুণ বেশি ভোটে জয়ী হবেন। মুখ্যমন্ত্রীর কথায়, “নন্দীগ্রামের মানুষ তাঁদের ঘরের মেয়েকে দু’হাত উজাড় করে ভোট দিয়েছেন। ফলে ভোট শতাংশের পাশাপাশি জয়ের ব্যবধানও এক লাফে অনেকখানি বেড়ে যাবে।”
অন্য দিকে, মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্রটি নিয়েও সমান প্রত্যয়ী মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু অধ্যুষিত এই আসনেও বিজেপি অভাবনীয় ফল করতে চলেছে বলে দাবি তাঁর। শুভেন্দুর হিসাব, রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকার ১ লক্ষ ২০ হাজারের বেশি ভোট পাবেন। রাজনৈতিক মহলের মতে, এই আসনে পদ্ম শিবিরের এত ভোট পাওয়ার দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত নির্বাচনে এখানে দলের ঝুলিতে যা ভোট এসেছিল, এবার তা অনেকটাই ছাপিয়ে যাবে বলে মনে করছেন তিনি।
ভোট মিটতেই শুভেন্দুর এই জোড়া পূর্বাভাস স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের চাঙ্গা করেছে। মুখ্যমন্ত্রীর দাবি, নন্দীগ্রামের পাশাপাশি সন্তোষজনক এবং সম্মানজনক মার্জিনে রেজিনগরেও জয় হাসিল করবে ভারতীয় জনতা পার্টি। এখন ব্যালট বাক্স খোলার পর মুখ্যমন্ত্রীর এই ভবিষ্যদ্বাণী কতটা মিলে যায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

