‘বউয়ের কামড়’ ও দূরে থাকার নিদান! এসএসকেএম হাসপাতালের ওপিডি টিকিট ভাইরাল
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ‘গতরাতে স্ত্রী কামড়ে দিয়েছেন’— ওপিডি টিকিটের ক্লিনিক্যাল নোটে বড় বড় হরফে লেখা এই লাইনটি ঘিরেই নেটপাড়ায় জোর শোরগোল। শুধু তাই নয়, ওই অভিযোগের প্রেক্ষিতে নিচে চিকিৎসকের পরামর্শ হিসেবে লেখা হয়েছে, ‘বউয়ের থেকে এক মাসের জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখুন।’ রাজ্যের অন্যতম প্রথম সারির সুপার স্পেশালিটি হাসপাতাল পিজি বা এসএসকেএম (SSKM)-এর ফিজিক্যাল মেডিসিন বিভাগের ওপিডি টিকিটের এই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু সরকারি হাসপাতালের প্রেসক্রিপশনে কি এমন পরামর্শ দেওয়া সম্ভব? নাকি গোটাটাই সাজানো? এই জালিয়াতির আসল রহস্য উদ্ঘাটন করতে শেষমেশ পুলিশের দ্বারস্থ হলেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভাইরাল হওয়া ওপিডি টিকিটটিতে হাসপাতালের নাম ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সিলমোহর স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে একজন পুরুষ রোগীর সমস্যার কথা উল্লেখ করতে গিয়ে লেখা হয়েছে ‘ওয়াইফ বাইট’। আর তার নিদান হিসেবে এক মাসের দূরত্ব বজায় রাখার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও ইঞ্জেকশন নেওয়ার কথা বলা হয়েছে। এই বিচিত্র প্রেসক্রিপশনটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ হাসাহাসি শুরু করেন। তবে বিষয়টি প্রশাসনের নজরে আসতেই নড়েচড়ে বসে স্বাস্থ্য ভবন ও এসএসকেএম কর্তৃপক্ষ।প্রাথমিক অনুসন্ধানের পর এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই প্রেসক্রিপশনটি সম্পূর্ণ ভুয়ো এবং সাজানো। হাসপাতালের লোগো এবং সিলমোহর ব্যবহার করে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে কেউ বা কারা এই জালিয়াতি করেছে। প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে বলে তাঁদের অনুমান। এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে এসএসকেএম-এর পক্ষ থেকে কলকাতার ভবানীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী এই ভুয়ো ছবি ছড়ানোর নেপথ্যে কারা রয়েছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। সরকারি হাসপাতালের নাম জড়িয়ে এমন কুরুচিকর রসিকতা বা জালিয়াতি যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করে দিয়েছে হাসপাতাল প্রশাসন।

