মুখ্যমন্ত্রীর কাছে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির দাবি জানাবেন তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা
নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট: বীরভূমের অন্যতম শ্রেষ্ঠ শক্তিপীঠ তথা প্রাচীন ও ঐতিহ্যবাহী তারাপীঠ মন্দিরকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ বা বিশ্ব ঐতিহ্য হিসেবে বিবেচনা করার জন্য রাজ্য সরকারের কাছে জোরালো প্রস্তাব দিতে চলেছে মন্দির কমিটি। শনিবার তারাপীঠ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠকের আগে ওই দিন সকাল ১১টা নাগাদ তিনি মন্দিরে পুজো দিতে আসবেন। আর এই সফরকালেই মুখ্যমন্ত্রীর হাতে তারাপীঠকে হেরিটেজ ঘোষণার আর্জি সম্বলিত আনুষ্ঠানিক প্রস্তাবটি তুলে দেওয়া হবে বলে মন্দির কমিটি সূত্রে খবর।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জানান, বিশ্ব মানচিত্রে এই মহাসাধনাপীঠের স্থান পাওয়া অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই তাঁরা রাজ্য সরকারের মাধ্যমে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির দাবি জানাতে চলেছেন। শনিবার মুখ্যমন্ত্রী মন্দিরে এলে তাঁকে দেবী তারার একটি প্রতিকৃতি, পদ্মফুলের মালা এবং প্রবীণ সেবাইত ও গবেষক প্রবোধ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘তারাপীঠের ইতিহাস’ বইটি উপহার দিয়ে বিশেষ সংবর্ধনা জানানো হবে।
সংবর্ধনার পাশাপাশি প্রাচীন এই পীঠস্থানকে হেরিটেজ সাইট হিসেবে বিবেচনা করার জন্য তাঁর কাছে বিশেষ আর্জি পেশ করা হবে। দীর্ঘদিন ধরে তারাপীঠের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে চর্চা করা গবেষক প্রবোধ বন্দ্যোপাধ্যায়ের মতে, তারাপীঠ কেবল একটি ধর্মীয় স্থান নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু প্রাচীন ইতিহাস ও তান্ত্রিক সাধনার ঐতিহ্য। যদি এই মন্দির বিশ্ব ঐতিহ্যের (World Heritage) স্বীকৃতি পায়, তবে আন্তর্জাতিক স্তরে তারাপীঠের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পাবে। এর ফলে বিশ্বজুড়ে পর্যটন ও গবেষণার ক্ষেত্র যেমন প্রসারিত হবে, তেমনই এই পবিত্র স্থানের গৌরব আরও বহুদূর ছড়িয়ে পড়বে। মুখ্যমন্ত্রীর এই আসন্ন সফর ও মন্দির কমিটির এই অভিনব উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই গোটা বীরভূম জেলা জুড়ে সাজো সাজো রব শুরু হয়েছে।

