যাত্রী সমাগমে শীর্ষে থানে, দেশের মধ্যে তৃতীয় হাওড়া
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় রেল বিশ্বের অন্যতম ব্যস্ত এবং বৃহত্তম ট্রেন নেটওয়ার্ক. প্রতিদিন প্রায় ২.৪ কোটি যাত্রী ও বিপুল পরিমাণ পণ্য পরিবহন করে লাইফলাইনের ভূমিকা পালন করে এই পরিষেবা। সম্প্রতি রেলওয়ের পক্ষ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষে সর্বাধিক যাত্রী সমাগম হওয়া দেশের ১০০টি স্টেশনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই তালিকায় যাত্রী সংখ্যার নিরিখে দেশের সব স্টেশনকে টেক্কা দিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে মহারাষ্ট্রের থানে রেলওয়ে স্টেশন।
রেলের পরিসংখ্যান অনুযায়ী, থানে স্টেশন দিয়ে বছরে রেকর্ড ৯.৩০ কোটি যাত্রী যাতায়াত করেছেন। বার্ষিক ৮.৩৭ কোটি যাত্রী নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই শহরতলির অন্যতম ব্যস্ত স্টেশন কল্যাণ। পূর্ব ভারতের তথা পশ্চিমবঙ্গের গর্ব হাওড়া স্টেশন বার্ষিক ৬.১৩ কোটি যাত্রী সমাগম নিয়ে দেশের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে।
অন্যদিকে, এই তালিকায় মুম্বইয়ের ছত্রপতী শিবাজী মহারাজ টার্মিনাস (সিএসএমটি) এবং কলকাতার ব্যস্ততম শিয়ালদহ স্টেশন যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে সিএসএমটি দিয়ে ৫.১৬ কোটি এবং শিয়ালদহ স্টেশন দিয়ে ৫.১৩ কোটি যাত্রী আসা-যাওয়া করেছেন। প্রতিদিনের কোটি কোটি নিত্যযাত্রীর চাপ সামলে ভারতীয় রেল যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে, এই তালিকা তারই এক জ্বলন্ত প্রমাণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

