বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

টানা বৃষ্টিতে ভাসছে ত্রিপুরা, প্লাবিত ৩ জেলা, গৃহহীন ১১ হাজার

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
টানা বৃষ্টিতে ভাসছে ত্রিপুরা, প্লাবিত ৩ জেলা, গৃহহীন ১১ হাজার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক দিনের লাগাতার ভারী বৃষ্টিতে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রতিবেশী রাজ্য ত্রিপুরায়। ইতিমধ্যেই রাজ্যের তিনটি জেলা সম্পূর্ণ প্লাবিত। আলিপুর ও স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই, উল্টে আগামী দিনে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। বিপর্যয় মোকাবিলায় এবং বন্যা পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে নেমেছে রাজ্য প্রশাসন। 

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মূলত ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলা বন্যার জলে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় গোটা রাজ্যে চার হাজারেরও বেশি বাড়িঘর আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। ঘরছাড়া হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ। তবে স্বস্তির বিষয় এই যে, এখনও পর্যন্ত এই দুর্যোগের কারণে কোনও প্রাণহানির খবর মেলেনি। নিচু ও জলমগ্ন এলাকাগুলি থেকে বাসিন্দাদের দ্রুত উদ্ধার করে নিরাপদ আশ্রয় এবং ত্রাণ শিবিরে সরানোর ব্যবস্থা করেছে প্রশাসন। 
এদিকে, মনু নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছিল। বর্তমানে জল কিছুটা কমলেও আবহাওয়া দফতরের লাগাতার বৃষ্টির পূর্বাভাসে রাজ্য প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ থেকেই যাচ্ছে। পাহাড়ি নদীগুলির জলস্তর আবার যে কোনও সময় বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। দুর্গত এলাকাগুলিতে শুকনো খাবার, পানীয় জল এবং ওষুধপত্র পৌঁছে দেওয়ার কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে উদ্ধারকারী দল।