কায়রোতে উদয়বীরের সোনা, শুটিং বিশ্বকাপে প্রথম জয় ভারতের
নিজস্ব প্রতিনিধি: বিশ্বমঞ্চে ফের ভারতের জয়জয়কার। কায়রোতে আয়োজিত বিশ্ব শুটিং সংস্থার ISSF (International Shooting Sport Federation) রাইফেল ও পিস্তল বিশ্বকাপে দেশকে প্রথম স্বর্ণপদক এনে দিলেন ভারতের উদয়বীর সিধু। রবিবার পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের এক রুদ্ধশ্বাস ও স্নায়ুচাপের ফাইনালে জার্মানির কিংবদন্তি অলিম্পিক পদকজয়ী ক্রিশ্চিয়ান রাইটজকে পরাস্ত করে এই ঐতিহাসিক কীর্তি গড়লেন ২৪ বছর বয়সী এই ভারতীয় শুটার।
ফাইনালে দুই প্রতিদ্বন্দীর মধ্যে লড়াই গড়ায় একেবারে শেষ শট পর্যন্ত। কিন্তু চাপের মুখেও নিজের স্নায়ু ধরে রাখেন উদয়বীর। শেষ মুহূর্তে জার্মানির রাইটজকে মাত্র ০.৫ পয়েন্টের সূক্ষ্ম ব্যবধানে হারিয়ে পোডিয়ামের শীর্ষ স্থানটি ছিনিয়ে নেন তিনি। ফাইনালে উদয়বীরের মোট স্কোর ছিল ২৪০.৬। অন্যদিকে রুপোজয়ী ক্রিশ্চিয়ান রাইটজ শেষ করেন ২৪০.১ পয়েন্টে। এই ইভেন্টে ২১৯.৮ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন ইতালির পাওলো মোনা।
শুটিং বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক সিনিয়র সার্কিটে উদয়বীরের কেরিয়ারের এটি অন্যতম সেরা এবং স্মরণীয় পারফরম্যান্স। এর আগে মূলত জুনিয়র সার্কিটে ২৫ মিটার পিস্তল ইভেন্টেই নিজের দাপট দেখিয়েছিলেন তিনি। এবার ১০ মিটার এয়ার পিস্তলের সিনিয়র বিভাগে বিশ্বমানের শুটারদের টেক্কা দিয়ে তাঁর এই সোনা জয় ভারতীয় শুটিংয়ের ভবিষ্যতকে আরও উজ্জ্বল করল। কায়রো বিশ্বকাপে ভারতের এই দুর্দান্ত শুরুর পর বাকি ইভেন্টগুলিতেও শুটারদের থেকে আরও পদকের আশা রাখছে দেশের ক্রীড়ামহল।

