হট টপিক
রাজ্যের দুই পর্যটনকেন্দ্র এবার গ্লোবাল ডেস্টিনেশন
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের দুটি অন্যতম প্রধান পর্যটনকেন্দ্রকে আন্তর্জাতিক স্তরে বা 'গ্লোবাল ডেস্টিনেশন' হিসেবে গড়ে তোলা হবে। এর মধ্যে একটি নিশ্চিতভাবেই পাহাড়ের রানি দার্জিলিং। অন্য পর্যটনকেন্দ্র হিসেবে সুন্দরবন অথবা মন্দারমণির নাম বিবেচনা করা হচ্ছে। এই মহাপরিকল্পনার জন্য প্রয়োজনীয় কেন্দ্রীয় আর্থিক বরাদ্দও মিলবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। শুক্রবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এই বড় ঘোষণা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ।
এদিন পূর্বতন সরকারের নীতিকে তীব্র আক্রমণ করে পর্যটন মন্ত্রী বলেন, 'এতদিন রাজ্যের পর্যটন দপ্তর কুয়োর ব্যাঙ হয়ে কুক্ষিগত ছিল। কিন্তু বর্তমান জমানায় আমরা পর্যটন দপ্তরকে সেই সীমাবদ্ধতা থেকে বের করে বিশাল সমুদ্রে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি।' তিনি অভিযোগ করেন, আগের সরকারের আমলে রাজ্যের পর্যটন খাত চরম অবহেলিত ও উপেক্ষিত অবস্থায় পড়ে ছিল। নতুন পরিকাঠামোয় পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
মন্ত্রী আরও জানান, বেড়াতে এসে পর্যটকদের যাতে কোনো ধরনের হেনস্তা বা হয়রানির শিকার হতে না হয়, সেজন্য শিলিগুড়ি পুলিশের উদ্যোগে ইতিমধ্যে একটি বিশেষ হেল্প লাইন চালু করা হয়েছে। শুধু উত্তরবঙ্গ নয়, এবার গোটা রাজ্যের পর্যটকদের সুরক্ষায় পর্যটন দপ্তরের নিজস্ব হেল্প লাইন এবং একটি আধুনিক মোবাইল অ্যাপও চালু করা হচ্ছে। এর মাধ্যমে পর্যটকেরা এক ক্লিকেই সমস্ত বুকিং ও সহায়তার সুবিধা পাবেন। কেন্দ্রের সহায়তায় রাজ্যের পর্যটন মানচিত্রে এই নতুন জোয়ার আসবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।

